গাজীপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছে। নিহত ওই যুবক একজন অস্ত্র ব্যবসায়ী ছিল বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় আহত হয়েছে দুই র্যাব সদস্য। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এছাড়া গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাবের অপর একটি দল।
র্যাব-১ এর গাজীপুরের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, গাজীপুর মহানগরীর সদর থানার সালনা ইপসা গেটের অদূরে কতিপয় অস্ত্র ব্যবসায়ী অস্ত্র ক্রয়-বিক্রয় করছে। র্যাবের টহল দলটি ঘটনাস্থলে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত পরিচয় অস্ত্র ব্যবসায়ীর (৩৫) মরদেহ এবং অস্ত্র, গুলি উদ্ধার করা হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে।
অপর দিকে গাজীপুরের কালিগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে ১টি ট্রলার, ১টি ইঞ্জিন চালিত নৌকা ও দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। র্যাব-১ এর অধিনায়ক মো. সারওয়ার-বিন-কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতদের নাম মো. শাহিন হোসেন, মো. সোহেল মিয়া, মো. সাদ্দাম হোসেন, মো. খাইরুল ইসলাম, উপল কবির ও মো. ফয়সাল। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত্ শীতলক্ষ্যা নদীতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।