আবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক চুক্তি নিয়ে আলোচনা করতে পুনরায় সেদেশে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। চলতি সপ্তাহেই সেখানে যাবেন তিনি। সোমবার তার সফর পরিকল্পনা সম্বন্ধে ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
 
খবরে বলা হয়, সম্প্রতি পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে উত্তর কোরিয়ার প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এমতাবস্থায় এই ইস্যুতে আলোচনা করতে ৫ জুলাই সেদেশে সফর করবেন পম্পেও। 
 
সোমবার তার সফর পরিকল্পনা ঘোষণা করে হোয়াইট হাউজ মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার বিষয়ে অগ্রগতি ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র। 
 
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, উত্তর কোরিয়া তাদের অস্ত্র সক্ষমতার প্রসার ঘটাচ্ছে।  কিন্তু স্যান্ডার্স এমন খবর প্রত্যাখ্যান করেন।
 
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়া সফর শেষে আগামী শনিবার উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে দক্ষিণ কোরীয় ও জাপানিজ নেতাদের সঙ্গে আলোচনা করতে পিয়ংইয়ং থেকে টোকিও যাবেন পম্পেও।
 
এটা হবে পম্পেওর তৃতীয়বারের মতো উত্তর কোরিয়া সফর। আর, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যকার ঐতিহাসিক বৈঠকের পর প্রথম উত্তর কোরিয়া সফর। 
 
ইত্তেফাক/ জেআর