অভিবাসী বিতর্কে মার্কেল ও সেহোফারের মধ্যে চুক্তি

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল অভিবাসন বিষয়ে তার স্বরাষ্ট্রমন্ত্রী হোরস্ট সেহোফারের সঙ্গে একটি চুক্তি করেছেন। এই বিতর্ক নিয়ে তার সরকার হুমকির মুখে রয়েছেন এমন কথা অস্বীকার করে তিনি সোমবার একথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপি ও পলিটিকোর।
 
খবরে বলা হয়, সম্প্রতি মার্কেলের সঙ্গে অভিবাসী ইস্যুতে মতভিন্নতা দেখা দেয় জার্মান স্বরাষ্ট্রমন্ত্রীর। পদত্যাগের হুমকি দেন তিনি।
 
ইউরোপে প্রবেশরত অভিবাসীদের নিয়ে একটি ইউরোপিয়ান ইউনিয়ন একটি বিতর্কিত চুক্তিতে সম্মত হয়েছে। ওই চুক্তির সঙ্গে একমত নন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট সেহোফার। এ নিয়ে চ্যান্সেলর মার্কেলের সঙ্গে তার মতবিরোধ দেখা দিয়েছিল। তবে নতুন চুক্তিতে সে বিরোধের অবসান ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 
 
সেহোফার ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন(সিএসইউ) দলের প্রধান৷ এই দলটি জার্মানির জোট সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার৷ তার পদত্যাগের হুমকি জার্মানির জোট সরকার ও মার্কেলের রাজনৈতিক ক্যারিয়ারকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল।
 
অভিবাসন সংকট নিয়ে আলোচনার কয়েক ঘণ্টা পর সিএসইউ দলের প্রধান বলেন, ‘আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার পর একটি চুক্তিতে পৌঁছেছি।’
 
এর আগে সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিলেও তিনি এখন কেবিনেটে থেকে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন। 
 
ইত্তেফাক/ জেআর