তারেকের ব্যাংক হিসাব জব্দের আদেশ যাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে

রাফি হত্যায় পুলিশ সদস্যের গাফিলতি থাকলে বিচার হবে ---স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। আনুষ্ঠানিক পুলিশ বিজ্ঞপ্তি আকারে তা প্রকাশ করবে। তাছাড়া এ হত্যার পেছনে কারা জড়িত, কখন, কীভাবে হত্যা করা হয়েছে সব প্রকাশ করা হবে। তিনি বলেন, এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের গাফিলতি থাকলে তাদেরও বিচারের আওতায় আনা হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্মিত কমপ্লেক্সে শিল্প পুলিশ বিভাগকে ৫টি পিকআপ ভ্যান হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অপরদিকে গতকাল দুপুরে রাজধানীর কাওরান বাজারের আম্বর শাহ শাহী মসজিদের নিচতলার সংস্কার কাজ শেষে তা উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের ইংল্যান্ডে থাকা ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি বলেন, বিদেশে পুলিশের কর্মকাণ্ড ইন্টারপোলের মাধ্যমে হয়। তাই তারেক রহমান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের যে আদেশ আদালত দিয়েছেন, তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে  পাঠানো হবে।

সম্প্রতি চীন সফর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, চীনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অনেক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, মিয়ানমার থেকে আসা ১১ লাখ রোহিঙ্গাকে দেশটিতে ফেরত পাঠাতে চীন সর্বাত্মক সহযোগিতা করবে। এছাড়া মিয়ানমারের সঙ্গে যেসব সমস্যা রয়েছে, তা সমাধানেও দেশটি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

তিনি আরো বলেন, মাদক নির্মূলে চীন সফলতা দেখিয়েছে। বাংলাদেশের মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সে চীন সহযোগিতা করবে। এছাড়াও আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে ট্রেনিং ও ফায়ার ইকুইপমেন্টে সহায়তারও আশ্বাস দিয়েছে চীন।