নারী নির্যাতন বন্ধের দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন

নারী নির্যাতন বন্ধ এবং নিরাপদ চলাফেরা নিশ্চিতের দাবিতে গতকাল রাস্তায় নেমে মানববন্ধন করে পুরান ঢাকার কিশোরীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বেশ কয়েকটি সংগঠন।

মানববন্ধনে অংশ নেওয়া পুরান ঢাকার ফরিদাবাদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফারজানা বলেন, ‘আমরা চাই কোনো নারী যেন নির্যাতনের শিকার না হয়। তারা যেন বাইরে নির্ভয়ে চলাফেরা করতে পারে। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ ।’ পুরান ঢাকার অভিভাবক ও শিক্ষার্থী আয়োজিত মানববন্ধনে যোগ দেয় তারা।

নুসরাত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে মানববন্ধনে আরো অংশ নেয় শ্রমজীবী নারী মৈত্রী। সংগঠনের সভাপতি বন্নি শিখা জামালী বলেন, নারী নিপীড়ন ও ধর্ষকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

একই দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম। সংগঠনের সাধারণ সম্পাদক জাফরুল আলম বলেন, নুসরাত জাহান রাফিকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ সকলকে দ্রুত বিচার আইনে এমন শাস্তি দেওয়া হোক যেন এই ধরনের ন্যক্কারজনক ঘটনা আর না ঘটে।

যাত্রাবাড়ীর দুই অবুঝ শিশুকে যৌন নির্যাতন ও হত্যা, ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও পুড়িয়ে হত্যাসহ সকল শিশু নির্যাতন, ধর্ষণের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে একসেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. এনামুল হক বলেন, ‘আমরা প্রত্যেকে প্রতিটি ক্ষেত্রে সচেতন হবো, সবাইকে সচেতন করবো। মানসিক অবস্থার পরিবর্তন করে মানবিক ও নৈতিক মূল্যবোধকে জাগ্রত করবো।