সাভার উপজেলার আশুলিয়ায় প্রায় এক হাজার ইয়াবাসহ সিআইডির এক কনস্টেবলকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গেয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ওই সিআইডি সদস্যের নাম তাইজুদ্দিন (৩০)। তিনি ঢাকায় পুলিশের অপরাধ অনুসন্ধান বিভাগে (সিআইডি) কনস্টেবল পদে কর্মরত। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার চানগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাইজুদ্দিন গাজীপুরের জয়দেবপুর থানার উত্তর সালনা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। মাদক ব্যবসায়ীদের হাতে ইয়াবার চালান তুলে দিতে তিনি আশুলিয়ায় এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় তার এক সহযোগীকেও আটক করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি আবুল বাশার জানান, রাতে চানগাঁও এলাকায় ইয়াবার একটি বড় চালান হাতবদল হবে এমন গোপন সংবাদে ওই এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় সন্দেহজনক একটি অটোরিকশা থেকে তাইজুদ্দিন ও তার সহযোগী মফিজকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাইজুদ্দিন নিজেকে সিআইডির কনস্টেবল বলে পরিচয় দেন। পরে সিআইডি ঢাকা উত্তরা জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহির উদ্দিনকে বিষয়টি জানানো হলে তিনি তাইজুদ্দিনকে সিআইডির কনস্টেবল বলে নিশ্চিত করেন। দীর্ঘদিন ধরেই সহযোগীদের নিয়ে তাইজুদ্দিন ইয়াবা কারবারে যুক্ত বলে জানা গেছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, মাদকের বিষয়ে আমাদের নীতি জিরো টলারেন্স। মাদকের সঙ্গে যে জড়িত থাকবে সে যেই হোক না কেন, কোনো ছাড় নেই। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।