ইরাকে একই সম্মেলনে অংশ নিচ্ছে সৌদি আরব ও ইরান

সৌদি আরবের সঙ্গে প্রথমবারের মতো একটি সম্মেলনে যোগ দিচ্ছে ইরান। এই দুই দেশের একই সম্মেলনে অংশগ্রহণের ব্যাপারে মধ্যস্ততা করেছে ইরাক। আজ শনিবার ইরাকের রাজধানী বাগদাদে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে কুয়েত, জর্ডান, সিরিয়া এবং তুরস্কও যোগ দিচ্ছে। একদিনের এ সম্মেলনের সত্যতা নিশ্চিত করেছেন ইরাকি পার্লামেন্টের মুখপাত্র। এতে অংশগ্রহণকারী দেশগুলোর পার্লামেন্ট প্রধানরা নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন। সৌদি আরব এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই। মধ্যপ্রাচ্যে তারা দীর্ঘদিন একে অপরের শত্রু হিসেবেই পরিচিত। সিরিয়ার জন্য এই সম্মেলন গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ সিরিয়ায় গৃহযুদ্ধের পর এই প্রথম এ ধরনের একটি সম্মেলন হচ্ছে। এতে নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যু প্রাধান্য পাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। -মিডল ইস্ট মনিটর ও আল মাসদার নিউজ