হাইকোর্ট বিভাগের নব নিযুক্ত ১৮ বিচারপতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিচারপতিগণ টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
এ সময় নব নিযুক্ত বিচারপতি মোঃ আবু আহমেদ জমাদার, এ.এস.এম আব্দুল মোবিন, মোঃ মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মোঃ কামরুল হোসেন মোল্লা, এস.এম কুদ্দুস জামান, মোঃ আতোয়ার রহমান, খিজির হায়াত, শশাংক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম, মোঃ রিয়াজ উদ্দিন খান, মোঃ খায়েরুল আলম, এস.এম. মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান, ড. কে.এম. হাফিজুল আলম সহ হাইকোর্টের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর দুদক কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ অহম্মদ, এলজিইডির প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিকেলে গ্যাস ট্রান্সমিশন কম্পানী লিমিটেডের (জিটিসিএল) অফিসার্স ওয়েল ফেয়ার এসাসিয়েশনের নব নির্বাচিত ৯ম কার্যনির্বাহী পরিষদের সভাপতি প্রকৌশলী মোঃ মফিজুর রহমান, ও সাধারণ সম্পাদক কে.এম.আবদুস সবুরের নেতৃত্বে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। পরে তারা বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
ইত্তেফাক/নূহু