আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের আদালতসমূহে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা ৩৩ লাখ ৯৫ হাজার ৬৪৯টি। আজ সোমবার সংসদে সরকারি দলের সদস্য বেগম সানজিদা খানমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, এর মধ্যে দেওয়ানি মামলার সংখ্যা ১৩ লাখ ৯০ হাজার ২০৯টি ও ফৌজদারি মামলার সংখ্যা ১৯ লাখ ১৮ হাজার ৫২৭টি এবং অন্যান্য (কনটেম্পট পিটিশন/ রীট/ আদিমসহ) মামলার সংখ্যা ৮৬ হাজার ৯১৩টি।
মন্ত্রী বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মোট বিচারাধীন মামলার সংখ্যা ৫ লাখ ৩ হাজার ৫১২টি। এর মধ্যে আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ১৮ হাজার ২৪৬টি এবং হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ২৬৬টি।
তিনি বলেন, অধস্তন আদালতে মোট বিচারাধীন মামলার সংখ্যা ২৮ লাখ ৯২ হাজার ১৩৭টি।
আইনমন্ত্রী বলেন, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩ জন ও হাইকোর্ট বিভাগে ২৮ জন বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া, অধস্তন আদালতে মোট ৪২৭ জন সহকারী জজ নিয়োগ দেয়া হয়েছে।
আনিসুল হক বলেন, সরকার নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আরও ৪১টি ট্রাইব্যুনাল ও ২টি সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সৃজন করেছে এবং ওই ট্রাইব্যুনালসমূহের জন্য ২০৫টি সহায়ক পদও সৃজন করা হয়েছে। নবসৃজিত এ পদগুলোতে বিচারক নিয়োগ দেয়া হয়েছে। বাসস।
ইত্তেফাক/এমআই