উত্তেজনার মধ্যে তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজের টহল

চীন ও তাইওয়ানের ক্রমাগত উত্তেজনার মধ্যে তাইওয়ানের প্রণালী দিয়ে টহল দিল দুই মার্কিন যুদ্ধ জাহাজ। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।
 
মার্কিন নৌবাহিনীর এ উস্কানিমূলক কাজকে তাইওয়ানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন হিসেবে দেখছে চীন।
 
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে প্রশান্ত মহাসাগরে থাকা যুদ্ধজাহাজের মুখপাত্র ক্যাপ্টেন চার্লি ব্রাউন বলেছেন, ৭ থেকে ৮ জুলাই মার্কিন নেভির দুটি জাহাজ রুটিন  টহল হিসেবে তাইওয়ান প্রণালীর আন্তর্জাতিক জলসীমা ধরে গিয়েছে। যুদ্ধ জাহাজগুলি দক্ষিণ চীন সাগর থেকে পূর্ব-চীন সাগরে যেতে তাইওয়ান প্রণালীটি ব্যবহার করেছে এবং অনেক বছর ধরেই এমনটি করে আসছে। এতে উত্তেজনা সৃষ্টি হওয়ার মতো কিছু হয়নি বলে দাবি ক্যাপ্টেনের।
 
এর আগে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মার্কিন যুদ্ধজাহাজ দুটি উত্তর-পূর্ব মুখে অগ্রসর হয়েছে এবং আইন মেনেই তা করা হচ্ছে। এতে তাইওয়ানের সঙ্গে ওয়াশিংটনের কোনও আনুষ্ঠানিক সম্পর্ক নেই।
 
কিন্তু অন্য একটি সূত্র জানায়, মার্কিন আইন অনুযায়ী তারা (আমেরিকা) তাইওয়ানের আত্মরক্ষার সকল ধরনের সহায়তা দিতে বাধ্য।
 
অন্যদিকে, চীন তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে। তাইওয়ান স্বাধীনতার ঘোষণা দেওয়ার চেষ্টা করলে সামরিক অভিযানের মাধ্যমে চীনের অখণ্ডতা বজায় রাখায় অঙ্গীকার জানিয়ে রেখেছে বেইজিং। আমেরিকাকে এখানে (তাইওয়ানে) নাক না গলানোর জন্য বারবার সতর্ক করে আসছে চীন।
 
ইত্তেফাক/এসআর/নূহু