রংপুরের মিঠাপুকুরে আদালতের নির্দেশ অমান্য করে প্রাচীর ঘেরা কবরস্থান ভেঙ্গে ব্যক্তিগত সড়ক নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের উচা বালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগে জানা যায়, উচা বালুয়া গ্রামের দোলোয়ার হোসেন ৩ বছর আগে আব্দুল মতিন মিয়া ও নজরুল ইসলামের কাছ থেকে ২ শতাংশ জমি কিনেছিলেন। বর্তমানে ক্রেতা দেলোয়ার হোসেন সেখানে একটি বসতবাড়ী নির্মাণের পরিকল্পনা করে জমি বিক্রেতাদের প্রাচীর ঘেরা ব্যক্তিগত কবরস্থান ভেঙ্গে সড়ক নির্মাণের চেষ্টা করেন। এ ব্যাপারে জমির ওয়ারিশ লাল মিয়া কবরস্থান ভাংচুরের ঘটনায় বিজ্ঞ আদালতে ১৪৪ ধারায় মামলা দায়ের করেন।
কিন্তু, প্রভাবশালী দেলোয়ার হোসেন আদালতের নির্দেশ অমান্য করে কবরস্থানের ওপর দিয়ে তাদের চলাচলের জন্য ব্যক্তিগত সড়ক নির্মাণ করে তার ওপর দিয়ে হাঁটাচলা করছেন।
এ বিষয়ে আদালতের শরণাপন্ন হওয়া লালমিয়া সাংবাদিকদের বলেন, ‘দেলোয়ার হোসেন একজন ভূমিদস্যু। তিনি এলাকার একাধিক ব্যক্তিকে ফাঁদে ফেলে তাদের সহায়সম্পত্তি দখল করে নিয়েছেন। অর্থের জোরে যা খুশি তাই করে চলেছেন।’
অভিযুক্ত দেলোয়ার হোসেনের দম্ভোক্তি- ‘এখানে মৃত মানুষের কবরস্থান ভাংচুর করা বড় ব্যপার নয়, বড় ব্যাপার হচ্ছে জীবিত মানুষের চলাচলের জন্য সড়ক তৈরি করা।’
আরও পড়ুনঃ মঙ্গলবার থেকে আরো বাড়বে তাপমাত্রা
এ বিষয়ে জানতে চাইলে মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ জাফর আলী বিশ্বাস বলেন, ‘কবরস্থান ভেঙ্গে কেউ রাস্তা নির্মাণ করতে পারে না। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ইত্তেফাক/নূহু