যুক্তরাজ্যের নতুন ব্রেক্সিট মন্ত্রী ডমিনিক রাব

যুক্তরাজ্যের ব্রেক্সিট বিষয়ক নতুন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে ডমিনিক রাবকে। ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী হওয়ার আগে তিনি গৃহায়ন ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী ছিলেন।
 
সোমবার ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া নিশ্চিতের দায়িত্ব পালনকারী ব্রেক্সিট মন্ত্রী ডেভিড ডেভিস ও উপমন্ত্রী স্টিভ বেকার পদত্যাগ করেছেন।
 
পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যেভাবে ব্রেক্সিট বাস্তবায়ন করতে চাচ্ছেন সে বিষয়ে তার আস্থা নেই। তিনি আর ব্রেক্সিট বাস্তবায়ন মন্ত্রীর দায়িত্ব পালনের জন্য উপযুক্ত ব্যক্তি নন।
 
ডেভিস বলেন, যুক্তরাজ্য ব্রেক্সিট আলোচনায় ইইউকে খুব সহজেই অনেক কিছু দিয়ে দিচ্ছে।
 
পদত্যাগের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, তিনি ডেভিসের সঙ্গে একমত নন। কিন্তু ডেভিস এতদিন ব্রেক্সিটের জন্য যে কাজ করেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন মে।
 
উল্লেখ্য, ২০১৬ সালের গণভোটে যুক্তরাজ্যের জনগণ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়। এই বিচ্ছেদকেই বলা হচ্ছে ব্রেক্সিট, যা ২০১৯ সালের মার্চের মধ্যে শেষ করতে দুই পক্ষের মধ্যে দর কষাকষি চলছে। বিবিসি।
 
ইত্তেফাক/ জেআর