থাইল্যান্ডের গুহায় এখনো আটকে থাকা ফুটবল টিমের চার সদস্য ও কোচকে উদ্ধার করার জন্য অভিযানের প্রস্তুতি নিচ্ছে উদ্ধারকর্মীরা। এ নিয়ে তৃতীয়বারের মতো গুহাটিতে উদ্ধার অভিযান চালাবে তারা। এর আগে দুইবার অভিযান চালিয়ে আট জনকে বের করে আনা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
খবরে বলা হয়, মঙ্গলবার থাম লুয়াং গুহায় উদ্ধার অভিযানের তৃতীয় ও শেষ ধাপ শুরু করতে যাচ্ছে উদ্ধারকর্মীরা। উদ্ধার অভিযানের প্রধান নারংসাক অসোট্টানাকর্ন বলেন, উদ্ধারকাকর্মীরা আগের দুইবারের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছে। প্রথমবার যে সময় লেগেছিল, দ্বিতীয়বার তার চেয়ে দুই ঘণ্টা কম সময়ে উদ্ধারকাজ শেষ করেছে তারা।
দ্বিতীয় দফা অভিযান শেষে উদ্ধারকর্মীরা জানিয়েছিল, আসন্ন অভিযানের জন্য তাদের পুনরায় পরিকল্পনা, অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাসহ ২০ ঘণ্টার মতো সময় লাগবে। ধারণা করা হচ্ছে, আজ মঙ্গলবার বিকেলের দিকে এই অভিযান শুরু হবে।
গুহার ভেতরে বর্তমানে আটকা পড়া ব্যক্তির সংখ্যা পাঁচজন। আগের দুই অভিযানে চার জন করে আট জনকে বের করে আনতে সক্ষম হয়েছে উদ্ধারকারীরা। তবে এবার পাঁচজনকে এক অভিযানেই বের করে আনা সম্ভব কি না, সে বিষয়ে কিছু জানায়নি, উদ্ধার অভিযানের আয়োজকরা।
নারংসাক জানান, এটা নির্ভর করে আবহাওয়ার ওপর। বৃষ্টি কমলে তারা দ্রুত কাজ করতে পারবে। অন্যথায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়বে।
‘ওয়াইল্ড বোরস’ ফুটবল টিমটি গত ২৩জুন গুহায় আটকে পড়ে।
ইত্তেফাক/ জেআর