আসন্ন তিন সিটির নির্বাচন পরিচালনার জন্য বিএনপি কমিটি গঠন করেছে। রাজশাহীতে আহ্বায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে। সদস্য সচিব করা হয়েছে সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে। সিলেটে আহ্বায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। আর বরিশালে মির্জা আব্বাসকে আহ্বায়ক করা হয়েছে।
মঙ্গলবার বিএনপির অফিসে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ব্যারিস্টার আমিনুল হক, রুহুল কবির রিজভী, হারুনুর রশিদ, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এনামুল হক চৌধুরী প্রমুখ।
রুহুল কুদ্দুস দুলু বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কমিটি করা হয়েছে। যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তবে তিন সিটিতে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হবেন। দুলু বলেন, সরকার যদি প্রশাসনকে ব্যবহার করে খুলনা এবং গাজীপুরের মতো ভোট ডাকাতি করতে চায় তাহলে জনগণ এবার প্রতিরোধ গড়ে তুলবে। এমনিতেই মানুষ সরকারের বিরুদ্ধে ফুসে আছে। আমরা সরকারকে বলবো, অনিয়ম-ভোট ডাকাতির পরিকল্পনা থেকে সরে আসুন। ভোটারদের ভোট প্রয়োগের সুযোগ দিন। অন্যথায় জনগণ এবার রুখে দিবে।
ইত্তেফাক/এমআই