ব্রিটেনে পাঁচ লাখ পাউন্ড জরিমানার মুখে ফেসবুক

 
ব্রিটেনের তথ্য অধিকার সংরক্ষণ বিষয়ক সংস্থা ফেসবুককে পাঁচ লক্ষ পাউন্ড জরিমানার পরিকল্পনা করছে। ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির জের ধরে এই জরিমানার কথা ভাবছে ব্রিটেনের তথ্য কমিশনারের অফিস। ব্রিটেনে এটাই হবে এ ধরণের সবচেয়ে বড় অংকের জরিমানা।
 
এর পাশাপাশি সংস্থাটি ব্রিটেনের ১১টি রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়েছে যাতে তারা তাদের তথ্য যথাযথভাবে সংরক্ষণ করে এবং সেটি ঠিকমতো হচ্ছে কিনা তা নিরীক্ষা করে।
 
ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে অভিযোগ ছিল রাজনৈতিক দলের ব্যবহার জন্য তারা অনৈতিকভাবে কোটি-কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সরবরাহ করেছিল। ফলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং ইউরোপিয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার বিষয়ে গণভোটের ফলাফল প্রভাবিত হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
 
তথ্য অধিকার সংরক্ষণ বিষয়ক সংস্থাটি আরো জানিয়েছে, আর্থিক জরিমানার পাশাপাশি বিলুপ্ত হওয়া ক্যামব্রিজ অ্যানালিটিকার সহযোগী সংস্থা এসসিএল ইলেকশনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কথাও ভাবছে।
 
তবে ফেসবুক কর্তৃপক্ষ এ জরিমানার অংক কমানোর চেষ্টা করবে কিনা সে বিষয়ে এখনো কিছু বলেনি। জরিমানা নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ কোন আপিল করবে কিনা সেজন্য তাদের হাতে ২৮ দিন সময় আছে।-বিবিসি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ