আন্তঃজেলা চোর চক্রের ছয় সদস্যকে বিপুল পরিমান চুরির মালামালসহ গ্রেফতার করেছে পুলিশ। গোপালগঞ্জ সদর এসএসপি সার্কেল মোহাম্মদ ছানোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ আজ শনিবার গোপালগঞ্জ, ঢাকা ও বাগেরহাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
চোর চক্রের সদস্যরা হলেন- কাওসার (৩৫), মোতালেব (৩২), হেলাল (৩৩), রবিউল (৩৫), পলাশ (৩০) ও মেহেদীকে (৩০) গ্রেফতার করে।
তাদের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ ৪৮০টি শাড়ি, ৪৭৭ টি লুঙ্গি, বিপুল পরিমান পর্দার থান কাপড়, নগদ ১ লাখ টাকা, ৩১ টি মোবাইল সেট উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বাড়ি গোপালগঞ্জ, বাগেরহাট, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ ভোলা জেলার বিভিন্ন গ্রামে।
গোপালগঞ্জ সদর এসএসপি সার্কেল মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, ‘চোর চক্রের সদস্যরা গত ২৫ মার্চ টুঙ্গিপাড়া উপজেলার পাকুড়তিয়া বাজারের দুটি দোকান থেকে ৪৬ লাখ টাকার মালামাল চুরি করে। এরপর এ চক্র ৬ এপ্রিল বাগেরহাট জেলার চিতলমারী বাজারের একটি দোকান থেকেও বিপুল পরিমান মালামাল চুরি করে।’
আরও পড়ুন: মুসলিম বন্দির গায়ে লোহার গরম শিক দিয়ে এঁকে দেওয়া হলো ‘ওঁ’
এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানায় চুরি মামলা দায়ের করার পর আমরা মাঠে নেমে প্রযুক্তির সহায়তায় চোর সনাক্ত করে গ্রেফতার করি। গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন জেলায় আরো ২০টি চুরি ঘটনা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে। চোর চক্রের সদস্যরা ট্রাকে করে রাতে ঘুরে বেড়ায়। সুযোগ পেলেই বাজারে ট্রাক থামিয়ে চুরি করে দোকানের নগদ টাকাসহ মালামাল চুরি করে।
ইত্তেফাক/কেকে