'রাজনীতিতে নারী নেতৃত্বের উন্নয়ন' শীর্ষক কনফারেন্স

বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের উন্নয়ন ও অংশগ্রহণ বিষয়ে এক কনফারেন্সের আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই)। 
 
বুধবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগের নারী নেতৃত্বের জন্য আয়োজিত এই কনফারেন্সের উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। কনফারেন্সে সারাদেশ থেকে আগত বাংলাদেশ আওয়ামী লীগের ১২০ জন নারী নেত্রী অংশগ্রহণ করেন। 
 
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিআরআই ট্রাস্টি এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পার্টি প্রধান কেটি ক্রোকে এবং সিআরআই নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিআরআই এর ব্যারিস্টার শাহ আলী ফরহাদ এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের লিপিকা বিশ্বাস। 
 
কনফারেন্সের সমন্বয়ের দায়িত্বে থাকা ব্যারিস্টার ফরহাদ জানান, নির্বাচন এবং রাজনৈতিক ব্যবস্থাপনায় বিশেষজ্ঞদের নিয়ে এই কনফারেন্সের প্রতিটি সেশন সাজানো হয়েছে। প্রথম দিনের এই সেশন শেষে দ্বিতীয় দিন সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেনেন্ট কর্নেল মুহাম্মদ ফারুক খান, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সাধারণ সম্পাদক ড. শাম্মী আহমেদের সঙ্গে আলোচনা করার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। এর পাশাপাশি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পার্টি প্রধান কেটি ক্রোকে এদিন বক্তব্য রাখবেন। এ ছাড়াও এই কনফারেন্সে আরো তিনটি সেশন থাকবে। 
IMG0
অংশগ্রহণকারীরা আসন্ন নির্বাচনের পূর্বে নারীদের বিভিন্নভাবে নিজেদের সঙ্গে ও দলের সঙ্গে সংযুক্ত করার বিষয়ে নির্দেশনা জানতে চান। তাদের এই জানতে চাওয়াকে স্বাগত জানিয়ে কৃষক লীগের সাধারণ সম্পাদক সামিনা শাহিন বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রান্তিক পর্যায়ের নারী ভোটাররা বেশ সংশয়ের মাঝে থাকে। আর এ ক্ষেত্রে নারী ক্যাম্পেইনাররা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। 
 
জানা যায়, নির্বাচনকে সামনে রেখে দলীয় ক্যাম্পেইনের জন্য যথোপযুক্ত প্রশিক্ষণ প্রদানের জন্য আগামী তিন মাসে এমন আরো বেশ কিছু কনফারেন্সের আয়োজন করা হবে। আসন্ন নির্বাচনী দৌড়ে নিজেদের এগিয়ে রাখতে আওয়ামী যথাযথ যোগাযোগে সক্ষম ও কার্যকর নির্বাচনী ক্যাম্পেইন পরিচালনার কথা ভাবছে। যার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে আওয়ামী লীগের করা বিভিন্ন কার্যাবলী পৌঁছে দেয়া যাবে। 
 
এই একই পরিকল্পনার অংশ হিসেবে এমপিদের নিয়ে দুই দিনব্যাপী পৃথক কনফারেন্সের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, যার উদ্দেশ্য ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের উন্নয়নের চিত্র নিজ এলাকার মানুষের মাঝে ছড়িয়ে দেয়া। গত বছর সিআরআই আয়োজিত সেমিনারটিতে দলের অধিকাংশ এমপি অংশগ্রহণ করেন। 
 
সিআরআই-এর সহযোগী সমন্বয়ক তন্ময় আহমেদ জানান, নির্বাচনের পূর্বে দলের নেতাকর্মীদের যোগাযোগে পারদর্শী করার লক্ষ্য নিয়ে এ ধরণের আরো বেশ কিছু কনফারেন্স ও ট্রেনিং আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি