হত্যা মামলায় দশ বছর কারাভোগের পর দেশে ফিরিয়ে আনা বাদল ফরাজীর মুক্তির নির্দেশনা চেয়ে করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, ভারতের আদালত বাদল ফরাজীকে সে দেশের মামলায় সাজা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি দেশে ফিরিয়ে আনাসহ তার ব্যাপারে সরকার ইতিবাচক। এখন তার মুক্তির ব্যাপারে সরকারই হয়ত কোন পদক্ষেপ নেবে। সে কারণে সরকারের প্রতি তার মুক্তির বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া ঠিক হবে না।
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেন।
শুক্রবার বিকালে বন্দী প্রত্যার্পণ চুক্তির আওতায় ভারত থেকে বাদল ফরাজীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। সেখানে একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে দশ বছর ধরে কারাভোগ করছিলেন। দেশে ফেরার পর তাকে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নিয়ে আটক রাখা হয়। এ নিয়ে পরদিন দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, নাম বিভ্রাটের কারণে একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দিল্লির তিহার জেলে বন্দী ছিলেন বাদল ফরাজী। পরে এ ঘটনায় হাইকোর্টে রিট করেন আইনজীবী হুমায়ুন কবির পল্লব। ওই রিটের শুনানি শেষে হাইকোর্ট বুধবার এ আদেশ দেয়।
ইত্তেফাক/এমআই