‘ওবামাকেয়ারের’ বরাদ্দ হ্রাস করল ট্রাম্প প্রশাসন

‘ওবামা কেয়ার’ নামে খ্যাত যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য-বীমা পেতে সহযোগিতাকারী সংগঠনগুলোর জন্য অর্থ বরাদ্দ কমিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকার। সংগঠনগুলোকে আইনি সুবিধা ও সুরক্ষা ব্যতিত পরিকল্পনা সমর্থন করার জন্য চাপ দেওয়ার জন্যই এটা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
 
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেয়িড সার্ভিস-সিএমএস’র পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ কাঁটছাটের মাধ্যমে এসিএ বা ওবামা কেয়ারের সঙ্গে মার্কিনীদের যু্ক্তকারী সংগঠনগুলোর জন্য অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। 
 
আগামী নভেম্বরে শুরু হওয়া অর্থবছরে সংগঠনগুলো এক কোটি মার্কিন ডলার পাবে। গত বছর এই সহায়তার পরিমাণ ছিল ৩ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। গত বছর গরিবদের জন্য স্বাস্থ্য-বীমার বিজ্ঞাপনের খরচ বাদ দেওয়া হয়। ওই খরচসহ আগের বছর বরাদ্দ ছিল ৬ কোটি ২৫ লাখ ডলার। 
 
সিএমএস’র বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপ মানুষকে তথ্য দেওয়ার প্রক্রিয়া নিয়ে ভাবতে সংগঠনগুলোকে উদ্বুদ্ধ করবে। এসব মানুষ অ্যাসোসিয়েশন স্বাস্থ্য পরিকল্পনা, স্বল্পমেয়াদি ও সীমিত সময়ের বীমাসহ ওবামা কেয়ারের আওতা সম্পর্কে সম্ভবত সচেতন নয়।  এসিএ’র মাধ্যমে প্রায় ২ কোটি মার্কিনিকে স্বাস্থ্য বীমার আওতায় আনা সম্ভব হয়েছে।
 
শনিবার  ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ওবামা কেয়ারের আওতায় এক হাজার ৪০ কোটি ডলারের একটি কর্মসূচি বাতিল করা হবে। অতি-ঝুঁকিতে থাকা ব্যক্তিদের স্বাস্থ্য নিশ্চিত করতে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল।
 
ইত্তেফাক/ জেআর