যশোরে নিখোঁজ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

যশোরের চৌগাছায় শুক্রবার ভোরে নিখোঁজ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
 
নিহত যুবক রতন উপজেলার দিঘলসিংহা গ্রামের আবু বকরের ছেলে।
 
চৌগাছা থানার ওসি খন্দকার শামিমউদ্দীন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশের কাছে খবর আসে উপজেলার বুড়োরবিল এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়।
 
পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। হাসপাতালে আনার আগেই ওই যুবক মারা যান বলে জানান ডাক্তার। এদিকে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন ওই পুলিশ কর্মকর্তা।
 
তবে লাশ উদ্ধারের সময় তার পরিচয় পাওয়া যায়নি। স্বজনরা হাসপাতালে এসে লাশ শনাক্ত করেন। নিহতের মা ফরিদা বেগম জানান, রতন মাগুরা যাওয়ার জন্য বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হয়। পরে সে আর বাড়ি আসেনি। আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/আরকেজি