শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় আহত জাহাঙ্গীরের মৃত্যু

মাগুরার শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গত ১ জুলাইয়ের সংঘর্ষে আহত জাহাঙ্গীর আলম (৪০) গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
 
পুলিশ ও এলাকাবাসী জানান, গত দুবছর পূর্বে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামে ইউপি সদস্য পদের প্রার্থীতা নিয়ে নাজির মজুমদার ও রজব আলীর মধ্যে বিরোধের জের ধরে ওই গ্রামে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ সংঘর্ষে নাজির মজুমদার গ্রুপের সমর্থক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান নিহত হয়। খলিলুর রহমান হত্যা মামলার আসামিরা দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে গ্রামে ফিরে এলে উভয় গ্রুপের মধ্যে পুনরায় উত্তেজনা সৃষ্টি হয়।
 
সে ধারাবাহিকতায় গত ৩০ জুন রাতে রজব আলী মেম্বর গ্রুপের সমর্থক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বাবলু মিয়া স্থানীয় বাজারে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে মদনপুর গ্রামের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক আহত করে। এ ঘটনার প্রতিক্রিয়াস্বরূপ ১ জুলাই রাতে নাজির মজুমদার গ্রুপের সমর্থক জাহাঙ্গীর আলমকে রজব মেম্বর গ্রুপের সমর্থকরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গায়ের রগ কেটে দেয়।
 
এরপর থেকে আহত জাহাঙ্গীর মূমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসারত অবস্থায় গতকাল শুক্রবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সংবাদ উক্ত গ্রামে ছড়িয়ে পড়লে নাজির মজুমদার গ্রুপের লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং রজব মেম্বর গ্রুপের লোকজনের বাড়ি-ঘর ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।
 
এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, জাহাঙ্গীরের মৃত্যু সংবাদে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। সংঘর্ষ এড়াতে ও জানমালের নিরাপত্তার স্বার্থে এলাকায় থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু