আসন্ন ৩০ জুলাই অনুষ্ঠিতব্য রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন উপলক্ষে জনগণের মুখোমুখি হয়েছেন মেয়রপ্রার্থীরা। শনিবার নগরীর মুনলাইট গার্ডেনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহী জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ‘জনগণের মুখোমুখি মেয়রপ্রার্থী’শীর্ষক অনুষ্ঠানে ৫ মেয়র প্রার্থীর মধ্যে চারজন উপস্থিত হন।
দলীয় সংসদ সদস্য কাজী আব্দুল ওয়াদুদ দারার মায়ের মৃত্যুর কারণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বলে মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম সরকার আসলাম অনুষ্ঠানে জানান। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ জাতীয় পার্টির (মতিন) মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম ও গণসংহতি আন্দোলন সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ।
সুশাসনের জন্য নাগরিকের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিকের রাজশাহী মহানগর সভাপতি মো. পিয়ার বক্স ও জেলা সভাপতি মো. সফিউদ্দিন আহমেদ।
প্রথমে সিটি কর্পোরেশনের নাগরিকরা মেয়রপ্রার্থীদের কাছে তাদের প্রত্যাশা জানান। পরে মেয়রপ্রার্থীরা তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শেষ পর্বে চার মেয়রপ্রার্থী জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে উপস্থিত ভোটাররা নির্বাচনে ভোট প্রদানের ক্ষেত্রে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের ভোট দেবেন বলে অঙ্গীকার করেন। মেয়রপ্রার্থীরাও কোনো ধরণের দুর্নীতি, ভোট ডাকাতি করবেন না এবং জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং পৃথক অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।
এ সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের নাগরিক ছাড়াও গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ মেয়রপ্রার্থীর সমর্থকরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি