বান্ধবীকে বাঁচাতে গিয়ে মেঘনায় ডুবে গেলেন বন্ধু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর চর এলাকায় শনিবার বিকালে মেঘনা নদীতে গোসল করতে নেমে ২ কলেজশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। 
 
তারা হলেন- ঢাকা মগবাজার এলাকার ইসরাকুল মেহরাব (২২) ও ঢাকা লক্ষ্মীবাজার এলাকার তানভির আহম্মেদের কন্যা সানজিদা বিনতে তানভির প্রাপ্তী (২১)। তারা দুইজনই ঢাকা নটরডেম কলেজের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শির্ক্ষাথী। খবর পেয়ে ভৈরব ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা মেঘনা নদীতে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্বার কাজ শুরু করেছে। 
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা নটরডেম কলেজের ৭জন শিক্ষার্থী শনিবার বিকালে আশুগঞ্জ উপজেলার মেঘনার বুকে জেগে উঠা চরসোনারাম এলাকায় ঘুরতে আসেন। শিক্ষার্থীরা চরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখার পর চরের উত্তর-পশ্চিম পাশে মেঘনা নদীতে গোসল করতে নামেন। গোসল করার এক পর্যায়ে সেলফি তোলার সময় প্রাপ্তী (২১) পানিতে তলিয়ে যায়। তাকে উদ্বার করতে গিয়ে মেহরাবও পানিতে তলিয়ে যায়। 
 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা জানান, স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্বার কাজ শুরু করেছে। ঢাকা থেকে ডুবুরি পাঠানোর জন্য খবর দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি