পুলিশের বাধায় জিয়া পরিষদের সেমিনার পণ্ড, ফিরে গেলেন ফখরুল

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি সমর্থিত জিয়া পরিষদকে সেমিনার করতে দেয়নি পুলিশ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সেমিনারে অংশ নিতে আসলেও তাকে ফেরত পাঠানো হয়। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, অনুমতি না থাকায় তাদের সেমিনার করতে দেয়া হয়নি। তবে জিয়া পরিষদ দাবি করেছে,পুলিশ আগে মৌখিক অনুমতি দিয়েছিল।
 
শনিবার বেলা সাড়ে ১০টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সেমিনার হলে ‘নাগরিক অধিকার, আইনের শাসন এবং গণতন্ত্র বাংলাদেশে প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনারের আয়োজন করে জিয়া পরিষদ। এই সেমিনারে প্রধান অতিথি সকাল ১১টার দিকে মির্জা ফখরুল অনুষ্ঠানস্থলে গেলে পুলিশ ‘অনুমতি নেই’ বলে তাকে সেমিনার না করতে দিয়ে ফিরিয়ে দেয়। সেমিনারও করতে দেওয়া হয়নি।
 
এ সময় উপস্থিত সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে আজ ন্যূনতম গণতান্ত্রিক স্পেস নাই, মত প্রকাশের স্বাধীনতা নাই। আজ এখানে কোনও রাজনৈতিক দলের সমাবেশ নয়, অরাজনৈতিক একটি সংগঠনের সেমিনার ছিল। সেটাকেও এই সরকার করতে দেয়নি। আমি এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।
 
তিনি আরও বলেন,এটা খুবই পরিতাপের কথা, ক্ষোভের কথা, দুর্ভাগ্যের কথা যে আজ বাংলাদেশ সরকারের পুলিশ বিভাগ, তারা একটা ভয়ঙ্কর দুঃশাসনের কাজ করছে, অত্যাচার-নির্যাতনের পথ বেছে নিয়েছে।
 
এ বিষয়ে জানতে চাইলে রমনা জোনের ডেপুটি কমিশনার মারুফ হোসেন সর্দার বলেন, কেউ আমাদের কাছ থেকে প্রোগ্রামের অনুমতি নেয়নি। আমরাও কাউকে গ্রোগ্রাম করার অনুমতি দেইনি। আমরা তো ইনডোর অনুষ্ঠান করার অনুমতি দিয়ে থাকি। কিন্তু বিএনপি বা অন্য কেউ রমনায় সেমিনার করার জন্য লিখিত বা মৌখিক অনুমতি নিতে আসেনি। এই কারণে হয়তো তাদের অনুষ্ঠান করতে দেওয়া হয়নি।
 
জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ বলেন, পুলিশ আমাদের সেমিনার করার জন্য মৌখিক অনুমতি দিয়েছিল। কিন্তু শনিবার সকালে তারা সেমিনার করতে না দিয়ে ফিরিয়ে দিয়েছে। আমার মনে হয় পুলিশ ধারণা করেছিল সেমিনারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে বক্তব্য দেবেন। এই কারণে সেমিনার করতে দেয়নি। কিন্তু আমাদের সেমিনারে তার বক্তব্য দেওয়ার কথা ছিল না।   
 
ইত্তেফাক/এমআই