রানীর আগে হাঁটায় সমালোচনায় ট্রাম্প

 
 
বিক্ষোভের মুখে ব্রিটেন সফরে এসে রীতিমতো আলোচনা-সমালোচনার ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের প্রথমদিন সান ট্যাবলয়েড’কে এক সাক্ষাৎকার দিয়ে প্রধানমন্ত্রী থেরেসা মে’কে বিব্রতকর অবস্থায় ফেলেন। এবার রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে বৈঠক করতে গিয়ে নতুন সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাইক্রোব্লগিং সাইটে রীতিমতো ঝড় বইছে। এদিকে গতকাল স্কটল্যান্ডেও ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়েছে। খবর এনডিটিভি ও বিবিসি’র
 
 
শুক্রবার উইন্ডসর ক্যাসেলে রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাত করেন ট্রাম্প। তারা করমর্দন করেন, চা-ও পান করেন। দুইজন একসঙ্গে হেঁটে চলেন গার্ড অব অনার পরিদর্শনে। তাদের সেই হাঁটার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে। ভিডিও’তে দেখা যায়, হাঁটার সময় রানীর আগে আগে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। একসময় রানী পুরোপুরি ঢেকে যান ট্রাম্পের আড়ালে। তবে কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পের পাশে চলে আসেন রানী।
 
সাধারণত অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা ব্রিটেন সফরে গেলে রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন। নির্দিষ্ট রাজকীয় নিয়ম বা প্রটোকল মেনে তবেই যেনো তারা সাক্ষাৎ করেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে সেটা মানা হয়তো একটু কঠিনই!
 
কেবল রানীর সঙ্গে সাক্ষাত্পর্বে বিতর্ক সৃষ্টি করেই থেমে থাকেননি ট্রাম্প। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের বিখ্যাত আরামকেদারায় বসে ছবি তোলেন তিনি। যা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন ব্রিটেনের রাজনীতিবিদরা।
 
স্কটল্যান্ডে গতকাল তৃতীয় দিনের মতো বিক্ষোভ হয়। প্রেসিডেন্ট ট্রাম্প তখন গলফ খেলছিলেন। বিক্ষোভকারীরা ট্রাম্পের অভিবাসন এবং বর্ণবাদী নীতির সমালোচনা করেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ