ভারতে এবার শিশুচোর গুজবে গণপিটুনিতে মৃত্যু গুগলের ইঞ্জিনিয়ারের

ভারতে এবার শিশুচোর গুজবে গণপিটুনিতে এবার মৃত্যু হল গুগলের এক সফটওয়ার ইঞ্জিনিয়ারের। নিহতের নাম মোহাম্মদ আজম আহমেদ (৩২)। আজম ছাড়াও ওই ঘটনায় গুরত্বরভাবে আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মধ্যে রয়েছে কাতারের এক নাগরিকও। খবর জি নিউজের।
 
খবরে বলা হয়, নিহত আজম আহমেদ হায়দ্রাবাদের মালাকপেটের বাসিন্দা। আহতদের মধ্যে সালহাম এইদাল কুবাইসি নামে ৩৮ বছরের এক যুবক কাতারের নাগরিক। বাকি দুইজন হচ্ছেন, নুর মোহাম্মদ ও মোহাম্মদ সলমনের বাড়ি হায়দ্রাবাদের বারকাসে। 
 
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনায় দ্রুত পদক্ষেপ করে হোয়াটসঅ্যাপ গ্রুপের ৩ জন ‘অ্যাডমিনিস্ট্রেটরকে’ গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতরা ওই চার যুবকের ছবি শিশুচোর বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দিয়েছিল। এছাড়া গণপিটুনিতে যুক্ত অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
নিহতদের পরিবারের তরফে জানানো হয়েছে, পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার হায়দ্রাবাদ থেকে বিদারে গিয়েছিলেন চার জন। সেখান থেকে স্থানীয় একটি জমি দেখতে বের হন তারা। জমিটি কেনার পরিকল্পনা ছিল তাঁদের। বিকেল ৪.৩০ মিনিট নাগাদ পথে মুরকি গ্রাম একটি স্কুলের কাছে চা খেতে দাঁড়ায় তারা। 
 
সেই সময় ওই পথ দিয়ে বাড়ি ফিরছিল পড়ুয়ারা। বাচ্চাদের দেখে তার কাছে থাকা বিদেশি চকোলেট বিলি করতে শুরু করেন সালহাম। এর মধ্যেই ‘শিশুচোর - শিশুচোর’ বলে চেঁচিয়ে ওঠেন এক বাসিন্দা। 
 
 বিপদ বুঝে গাড়িতে উঠে এলাকা ত্যাগের চেষ্টা করেন চারজন। কিন্তু এরই মধ্যে তাদের ছবি তুলে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয় কয়েকজন। পরের গ্রামেই গাছ ফেলে তাদের গাড়ি আটকায় স্থানীয়রা। বাধা টপকে রাস্তার পাশ দিয়ে দ্রুতগতিতে নিয়ে যেতে গিয়ে গর্তে পড়ে যায় গাড়িটি। এর পর গাড়ি থেকে চার জনকে টেনে বের করে মারধোর করা হয়। 
 
ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও গণপিটুনি থামাতে ব্যর্থ হয় তারা। এছাড়া, আজমের মৃত্যু গাড়ি গর্তে পড়ে হয়েছে, না কি গণপিটুনিতেই তাঁর প্রাণ গিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। 
 
ইত্তেফাক/ জেআর