ইসরাইলি বিমান হামলায় গাজায় দুই ফিলিস্তিনি কিশোর নিহত

ইসরাইলি বিমান হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত দুই ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন। ২০১৪ সালের পর থেকে এখন পর্যন্ত দিনের বেলাতে গাজায় চালানো সবচেয়ে বড় মাপের ইসরাইলি বিমান হামলা ছিল এটি। একথা জানিয়েছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। খবর আল জাজিরার।
 
খবরে বলা হয়, ইসরাইলের বিমান হামলায় শনিবার গাজা উপত্যকার আল-কুতাইবা এলাকায় আমির আল-নিমরি (১৫) ও লুয়ায় কাহিল (১৬) নামে দুই কিশোর নিহত হয়েছে। তারা হামলায় প্রাপ্ত আঘাতে মারা গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 
 
মারাম হুমাইদ নামে গাজার এক সাংবাদিক জানান, আল-কুতাইবার পাশেই একটি পার্ক আছে, যেখানে সপ্তাহান্তে অনেকেই পরিবার নিয়ে ঘুরতে যান। বিশেষ করে গ্রীষ্মকালে। আর একারণেই এই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারতো।  
 
টুইটারে দেওয়া এক পোস্টে ইসরাইলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, তারা একটি উচ্চ-ঝুকিসম্পন্ন ভবনে হামলা চালিয়েছে। হামলার আগে তারা ওই এলাকায় অবস্থানরতদের সরে যেতে সতর্ক করেছিল বলে টুইটার পোস্টে দাবি করা হয়। 
 
শনিবার ওই হামলার আগে গাজায় আরো একটি বিমান হামলা চালায় ইসরাইল। দুই হামলায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। 
 
ইত্তেফাক/ জেআর