এক সপ্তাহে সন্ধান মেলেনি নিখোঁজ স্কুলছাত্র পলাশের

গত এক সপ্তাহে সন্ধান মেলেনি রংপুরের নিখোঁজ স্কুলছাত্র পলাশ মিয়ার (১২)। একমাত্র পুত্র সন্তানের খোঁজ না পাওয়ায় খাওয়া-দাওয়া ছেড়ে অসুস্থ হয়ে পড়েছেন তার পিতা আক্তার মিয়া।
 
জানা যায়, রংপুর মহানগরীর নীলকণ্ঠ জব্বারটারী এলাকার হতদরিদ্র আক্তার মিয়ার পুত্র ও আটিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র পলাশ গত শনিবার সকাল ১১টায় স্কুল যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ পলাশের গায়ের রং ফর্সা, মুখ-মণ্ডল গোলাকার, নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল লাল ও নীল রঙের টি-সার্ট ও হাফ প্যান্ট।
 
এ ব্যাপারে রংপুর কোতয়ালী থানায় জিডি করা হয়েছে। জিডি নং-৫৭২, তারিখ ০৯/০৭/২০১৮।
 
কোন হৃদয়বান ব্যক্তি নিখোঁজ পলাশের সন্ধান পেলে রংপুর সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের নীলকণ্ঠ জব্বারটারী এলাকার শাহ আলমের চায়ের দোকান অথবা ০১৭২৩-৮৩৪৮২৩ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
 
ইত্তেফাক/নূহু