নরসিংদীতে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

নরসিংদীর পলাশে বিদ্যালয়ে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিবার সকালে পুলিশ ধর্ষণকারী আবু তাহের নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামে ওই ধর্ষণের ঘটনাটি ঘটে। আটককৃত আবু তাহের চলনা গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। 
 
পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে টান চলনা গ্রামের আবু তাহের পেছন দিক থেকে ওই শিক্ষার্থীর মুখ চেপে ধরে ঘরে নিয়ে যায়।বাড়িতে কেউ না থাকার সুযোগে এ সময় শিশুটির গায়ের ওড়না ও দড়ি দিয়ে শিশুটিকে বেঁধে ধর্ষণ শেষে ছেড়ে দেয়। আহতাবস্থায় শিশুটি বাড়িতে পৌঁছলে অভিভাবকরা পলাশ থানায় খবর দেন। 
 
পরে পুলিশ ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে শনিবার রাতে শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করানো হয়।এই ঘটনায় ওই রাতেই শিশুটির মা বাদী হয়ে পলাশ থানায় আবু তাহেরকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 
 
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, আটকের পর আবু তাহেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে আবু তাহের ধর্ষণের ঘটনা স্বীকার করে। তার জবানবন্দি রেকর্ড করার জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে। 
 
এদিকে, এই ঘটনায় ধর্ষকের শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির পরিবার। এছাড়াও শিশুটির পরিবারকে আইনি সহযোগিতাসহ সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ভাস্কর দেবনাথ বাপ্পি ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা।
 
ইত্তেফাক/কেকে