গনধর্ষণের পর ধর্ষকরা পুড়িয়ে মারলো ভারতীয় এক নারীকে। এ মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের সম্ভল জেলায়। ইতিমধ্যে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে।
পুলিশ জানায়, কয়েক মাস ধরে ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিল একই গ্রামের ৫জন। ঘটনার রাতে ওই নারী বাড়িতে একা ছিলেন। সে সুযোগে ঘরে ঢুকে গনধর্ষণ করে ধর্ষকরা। এরপর বাড়ির সামনে একটি মন্দিরে নিয়ে পুড়িয়ে মারে ধর্ষণের শিকার নারীকে।
ওই নারীর স্বামীর অভিযোগ, প্রবল বৃষ্টি হচ্ছিলো সে রাতে। এ সুযোগে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে পড়ে ওই পাঁচজন। ধর্ষণ করে তার স্ত্রীকে। ধর্ষকরা চলে গেলে ওই নারী ফোন করে তার আত্মীয়স্বজনকে ঘটনা জানায়। এ সময় পুলিশকে ফোন করলেও তারা কোন সাড়া দেয়নি।
ধর্ষণের কিছুক্ষন পরে ওই ব্যক্তিরা আবার আসে। তারা তাদের রাগ প্রকাশ করে পুলিশকে জানানোর 'অপরাধে'। রাগে তারা টেনে হিঁচড়ে বের করে ওই নারীকে এক মন্দিরের কাছে নিয়ে যায়। সেখানে পুড়িয়ে হত্যা করে তাকে। এ সময় ওই নারীর চিৎকারে কেউ এগিয়ে আসেনি বলে জানায় তার স্বামী।
এ ঘটনায় ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে ভারতে। প্রশাসন স্থানীয় পুলিশকে নড়েচড়ে বসতে কড়া নির্দেশ দিয়েছে।
ইত্তেফাক/এসআর/নূহু