জয়পুরহাটে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ

জয়পুরহাটে হঠাৎ করেই পানিবাহিত রোগ হিসাবে চিহ্নিত ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসাবে ২৪ ঘন্টায় আক্রান্ত হচ্ছেন ২২ জন। সোমবার বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ৪৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগীকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি অবস্থায় পাওয়া গেছে। জায়গা না হওয়ায় হাসপাতালের বারন্দার মেঝেতে পর্যন্ত রোগী রাখা হয়েছে।
 
জেলা আধুনিক হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড ঘুরে জানা যায়, ডায়রিয়া ওয়ার্ডে বেড সংখ্যা হচ্ছে ৮টি। সেখানে ৪৭ জন রোগীর মধ্যে ৩৯ জন রোগীকে বারান্দায় রাখা হয়েছে। ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী বিশ্বাপাড়া এলাকার মুকুল হোসেন প্রফেসর পাড়ার মাহবুব হোসেন জানায় বেড না পাওয়ায় বারান্দার মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।
 
গত এক সপ্তাহে ৪শ ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানান, জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. এফ এম মুছা আল-মানছুর। রোগীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমের ব্যবস্থা নিয়েছেন বলেও জানান তিনি। ডায়রিয়া ওয়ার্ডের রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন বলে জানান সেবিকা স্বপ্না। ডায়রিয়া রোগীদের মধ্যে বয়স্ক নারী ও পুরুষ বেশী রয়েছে।
 
মূলতঃ আম ও কাঠাল খাওয়ার পাশাপাশি পানি থেকেও ডায়রিয়া রোগ ছড়াতে পারে। এ জন্য বাসি খাবার পরিহার করে পানি ফুটিয়ে ঠাণ্ডা করে খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তুলশী চন্দ্র রায়। বাজারে খোলা অবস্থায় বিক্রি হওয়া খাবার থেকেও ডায়রিয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। 
 
ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য খাবার স্যালাইন ও ঔষধপত্র পর্যাপ্ত রয়েছে বলে জানান, জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা: এফ এম মুছা আল-মানছুর।
 
ইত্তেফাক/নূহু