যৌতুক ও স্ত্রী নির্যাতন মামলায় দুই স্বামীর কারাদণ্ড

মানিকগঞ্জে যৌতুক ও স্ত্রী নির্যাতন বিষয়ক দুইটি পৃথক মামলায় মঙ্গলবার দুইজনকে কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন।
 
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি একেএম নুরুল হুদা রুবেল জানান, হরিরামপুর উপজেলার দাশকান্দি বয়রা গ্রামে আসামি রিপন মোল্লা ২০১০ সালে ১৬ জুন তার স্ত্রী আয়শা আক্তার মুন্নিকে ৫ লাখ টাকা যৌতুকের জন্য মারাপিট করে হত্যার চেষ্টা করে। এই ঘটনায় আয়শা আক্তার বাদী হয়ে স্বামীকে আসামি করে মামলা করেন। আদালতে দোষি প্রমাণিত হওয়াতে বিচারক রিপন মোল্লাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
 
অপরদিকে মানিকগঞ্জ সদর উপজেলা গোলড়া চরখণ্ড গ্রামের ফুলচান ২০১০ সালে ২০ জুন ২ লাখ টাকা যৌতুকের জন্য তার স্ত্রী রাজেদা বেগমকে মারপিট  করে। এই ঘটনায় রাজেদা বেগম বাদী হয়ে তার স্বামী ফুলচানকে আসামি করে মামলা করেন। আদালতে আসামি ফুলচান দোষী প্রমাণিত হওয়াতে বিচারক এক বছরের সশ্রম কারাদণ্ড ও  ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
 
দণ্ডপ্রাপ্ত দুই  আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না। গ্রেফতার অথবা আদালতে আত্মসর্মপনের তারিখ থেকে আসামিদের দণ্ড কার্যকর হবে।
 
ইত্তেফাক/নূহু