নারায়ণগঞ্জের নয়ামাটিতে হোসিয়ারি শ্রমিক খুন

নারায়ণগঞ্জ শহরের নয়ামাটিতে শাকিল নামের (১৫) এক হোসিয়ারি শ্রমিক খুন হয়েছেন। কাচি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। শাকিল বন্দরের মুছাপুর ইউনিয়নের চরইসলামপুর এলাকার বাঁশ ব্যবসায়ী জোহা মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে মল্লিক মার্কেটের তৃতীয় তলায় হাসনে আরা হোসিয়ারিতে। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 
 
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলেন, হোসিয়ারির মালিক সুমন ও নৈশপ্রহরী আমিন উদ্দিন। পুলিশ ও নয়ামাটির ব্যবসায়ীরা জানান, শাকিল ২ বছর ধরে আফসানা হোসিয়ারিতে কাজ করেন। রাতে তিনি কারখানার ভেতরে থাকেন। প্রতিদিনের মতো গতকাল রবিবার তিনি কারখানায় ছিলেন। সোমবার সকালে অন্য শ্রমিকরা কারখানায় এসে শাকিলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
 
সকাল সাড়ে ১০টায় খবর পেয়ে নিহত শাকিলের চাচা জাফর ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি জানান, শাকিলের সঙ্গে কারো কোন ঝামেলা আছে এটা আমাদের জানা নেই। তার কোন শত্রুও নেই। কিন্তু কেন তাকে এমন নৃশংসভাবে হত্যা করলো তা বুঝতে পারছি না।
 
আফসানা হোসিয়ারীর মালিক সুমন মল্লিক মার্কেটের তৃতীয় তলা ভাড়া নিয়ে হোসিয়ারির ব্যবসা করে আসছেন। তিনিও এ হত্যাকাণ্ডের বিষয়ে কিছু বলতে পারছেন না।
 
সদর মডেল থানার এস আই শামসুল জানান, ধারালো কোনো অস্ত্র দিয়ে শাকিলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে সেটা কাচি হতে পারে।
 
সদর মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, শাকিল হোসিয়ারিতে থাকতেন। রাতে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে ঘুমিয়ে পড়েন। ওখানে সরোয়ার নামে আরেক শ্রমিক থাকতেন। ভোরে সরোয়ারকে হোসিয়ারি বন্ধ করে চলে যেতে দেখেছেন নৈশ প্রহরী। পরে সকালে দোকান খুলতে গেলে ভেতরে শাকিলের মরদেহ দেখতে পায় সবাই।
 
ইত্তেফাক/এমওয়াই/নূহু