র্যাব-৮’র কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স রবিবার রাতে ছন্দবেশী অভিযান চালিয়ে গৌরনদীর আশোকাঠী এলাকা থেকে পেপে বোঝাই ট্রাক থেকে ৮শ’ ৬৪ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছেন।
যশোর থেকে পেপে ভর্তি ট্রাকে করে বিশেষ পদ্ধতিতে ঐ পরিমান ফেনসিডিল দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলাতে সরবরাহের জন্য আনা হচ্ছিল। মেজর সোহেল রানা প্রিন্স ছদ্মবেশ ধারণ করে বিক্রেতা মো. বাছির হাওলাদার ও ট্রাক চালক আশাদুল ইসলামসহ ৮শ’ ৬৪ বোতল ফেনসিডিল আটক করতে সক্ষম হন।
মেজর প্রিন্স জানান, গত মে মাস থেকে মাদক বিরোধী র্যাব-৮’র অভিযানে চারটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, প্রায় ৭ হাজার ৭শ’৩৯পিস ইয়াবা, প্রায় পনের কেজি গাঁজা, ৮শ’৬৪ বোতল ফেনসিডিল মাদক মামলার একাধিক আসামিকে আটক করা সক্ষম হয়েছে। এসব অভিযানের অধিকাংশই ছদ্মবেশে অভিযানের মাধ্যমে সফলতা পেয়েছেন তারা।
তিনি বলেন, কখনো কখনো তাদের বিক্রেতা সেজে কিংবা চরম ঝুঁকি নিয়ে একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী ও অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতার করতে হচ্ছে।
র্যাব-৮ সূত্রে জানা গেছ, চলমান মাদক বিরোধী অভিযানে ফলে মাদক বিক্রেতা ও সেবনকারীরা বিভিন্ন পন্থায় অবলম্বন করছে। এসব মাদক বিক্রেতা ও সেবীদের রুখতে র্যাবও নিত্য নতুন কৌশল অবলম্বন করছে। তারই ধারাবাহিকতায় গত ৬ জুলাই বরিশাল জেলার গৌরনদী উপজেলার গেরাকুল থেকে অস্ত্রগুলিসহ সরোয়ার প্যাদাকে আটক করা হয়। সরোয়ার প্যাদার বিরুদ্ধেমাদারীপুর জেলার কালকিনি থানা ও বরিশাল জেলার গৌরনদী থানায় একাধিক ধর্ষণ, ডাকাতি ও হত্যাসহ মামলা রয়েছে বলে র্যাব সূত্র জানায়।
র্যাবের ছদ্মবেশী এ অভিযানেও সরোয়ারের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং চার রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করে র্যাব-৮। সরোয়ার ছাড়াও দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক বিক্রেতাদের আটকে র্যাবের নিত্য নতুন কৌশল অবলম্বন করতে হচ্ছে র্যাব সূত্র জানায়।
ইত্তেফাক/কেকে