তিন বছর ধরে কয়েকশ কোটি টাকা পড়ে আছে ব্যাংকে, অথচ কেউ দাবি করছেন না! ব্যাংক উপযুক্ত দাবিদারদের টাকা ফেরত দিতে চাইছে, তা সত্ত্বেও কেউ এগিয়ে আসছেন না! সম্প্রতি এমনই অনেক দাবিদারহীন ভারতীয় অ্যাকাউন্টের হদিস মিলল সুইস ব্যাংকে। খবর আনন্দবাজার পত্রিকার।
সুইস ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০১৫ সাল থেকেই এই অ্যাকাউন্টগুলো এভাবেই পড়ে রয়েছে। ব্যাংকের পরিভাষায় যাকে বলা হয়, ‘ডরম্যান্ট অ্যাকাউন্ট’। কোনো লেনদেন, না কোনো দাবিদার। এমন অ্যাকাউন্টের সংখ্যা ৩৫০০টি। এর মধ্যে ৬টি ভারতীয়!
২০১৫ সালে প্রথম লেনদেন বন্ধ অ্যাকাউন্টের তালিকা প্রকাশ করে সুইস ব্যাংক। ব্যাংক জানিয়েছে, ২০১৭ সালে উপযুক্ত দাবিদার মেলায় এই তালিকা থেকে এমন ৪০টি অ্যাকাউন্ট এবং দুইটা সেফ ডিপোজিট বক্স মুছে ফেলা হয়; কিন্তু যে ছয়টি অ্যাকাউন্ট ভারতীয় বলে তালিকা প্রকাশ করেছে সুইস ব্যাংক, এখনো পর্যন্ত সেই অ্যাকাউন্টগুলোতে কেউই নিজের বলে দাবি করেননি।
যে ছয়টি অ্যাকাউন্ট ভারতীয়দের বলে জানিয়েছে সুইস ব্যাংক, তার মধ্যে তিনজন ভারতে থাকেন। একজন প্যারিস, একজন লন্ডনে থাকেন। আর একজনের নাম প্রকাশ করা হয়নি। যারা ভারতে থাকেন তারা হলেন মুম্বাইয়ের পিইরি ভাচেক এবং বারনেট রোজমেরি। দেহরাদুনের বাহাদুর চন্দ্র সিংহ। প্যারিসের ওই অ্যাকাউন্ট হোল্ডারের নাম মোহন লাল এবং লন্ডনের সুচা যোগেশ প্রভুদাস।
ভারত ছাড়াও ওই তালিকায় পাকিস্তান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, তুরস্ক, অস্ট্রিয়া এমনকি সুইজারল্যান্ডেরও অনেক অ্যাকাউন্ট হোল্ডার আছেন।
ইত্তেফাক/ জেআর