গানের রাজার চূড়ান্ত আসর

লাবিবার মাথায় ‘গানের রাজা’র মুকুট

শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আলোক ঝলমল মঞ্চে আয়োজিত হয় চ্যানেল আই আয়োজিত শিশুদের নিয়ে গানের রিয়েলিটি শো ‘গানের রাজা’র চূড়ান্ত আসর। এবারের আয়োজনে বিজয়ী হয় খুলনার মেয়ে ফাইরুজ লাবিবা। এতে অতিথি বিচারকের আসনে ছিলেন উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা। এদিকে নানা পারফর্মেন্সের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া জমকালো এই আয়োজনে দ্বিতীয় স্থান অধিকার করে নেত্রকোনার মো. শফিকুল ইসলাম এবং তৃতীয় হিসেবে নির্বাচিত হয় ময়মনসিংহের সিঁথি সরকার। পুরস্কার হিসেবে ‘গানের রাজা’ লাবিবাকে দেওয়া হয় ৫ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য দেওয়া হয় ৩ ও ২ লাখ টাকা করে।

অনুষ্ঠানের শুরুতে কবিতা আবৃত্তি করেছেন আসাদুজ্জামান নূর। এ সময় তিনি শিশু ও নারী নির্যাতন বন্ধে দেশের সকল মানুষের প্রতি আহ্বান জানান। ‘গানের রাজা’ আসরে এবার চূড়ান্ত প্রতিযোগিতায় ছিল ৫ জন। তারা হলো লরা, লাবিবা, শফিকুল, পনি চাকমা ও সিঁথি। পাঁচ প্রতিযোগীর সঙ্গে এই মহোত্সব মঞ্চে গান পরিবেশন করেন যথাক্রমে আগুন, এসআই টুটুল, ডলি সায়ন্তনী, তপু ও তপন চৌধুরী।

এরপর একঝাঁক সহশিল্পীদের সাথে একক পারফর্মেন্স করেন চিত্রনায়িকা পরীমনি এবং জুটি বেঁধে পারফর্ম করেন পূর্ণিমা ও রোশান। এছাড়া প্রধান দুই বিচারক কোনাল ও ইমরান একটি পারফর্মেন্সে অংশ নেন।

এই মহোত্সব উপস্থাপনা করেছেন লাক্স চ্যানেল আই তারকা মুমতাহিনা টয়া ও শিশুশিল্পী সাহির। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তাহের শিপন।