রংপুরে ৬টি মেট্রোপলিটন থানা উদ্বোধনের অপেক্ষায়

রংপুর মহানগরের জনসাধারণকে নিরাপদ রাখতে চলতি মাসের যে কোনো মুহূর্তেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ কারণে সকল প্রস্তুতি কার্যক্রম চলছে জোরেসোরে। মহানগরের ৬টি থানার গঠনসহ সবকিছু এগিয়ে চলছে বিদ্যুৎ গতিতে। দায়িত্বশীল সুত্র থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ হেড কোয়ার্টার সূত্রে জানা গেছে, পূর্বে ৯টি থানা নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কার্যক্রম শুরুর কথা থাকলেও নতুন প্রস্তাব অনুযায়ী রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপির) জন্য ৫১৭ দশমিক ৩ বর্গ কিলোমিটার আয়তনের এলাকায় ৬ টি থানার মাধ্যমে কাজ করবে মেট্রোপলিটন পুলিশ।

থানাগুলোর মধ্যে রয়েছে কোতয়ালী, পরশুরাম, হাজীরহাট, মাহিগঞ্জ, হারাগাছ এবং তাজহাট। সিটি এলাকা ছাড়াও সদর, মিঠাপুকুর, বদরগঞ্জ, কাউনিয়া ও পীরগাছার অংশ বিশেষ নিয়ে আরএমপির এলাকা বিস্তৃত করা হয়েছে।

সূত্রমতে কোতয়ালী থানার অধীনে থাকবে-সিটি করপোরেশনের কেল্লাবন্দ (আংশিক), ভগি (আংশিক), নিসবেতগঞ্জ, ধাপ, চিকলীভাটা, রাঁধাবল্ভ, কাচারী বাজার, ইঞ্জিনিয়ার পাড়া, সেনপাড়া, গুপ্তপাড়া, নুরপুর, তেঁতুলতলা, চামড়াপট্টি, আলমনগর, বাবুপাড়া (আংশিক), গনেশপুর, দোলাপাড়া, কলেজপাড়া (আংশিক), বাবুখাঁ, সাতগাড়া, দেওডোবা (আংশিক), বিনোদপুর (আংশিক), পীরজাবাদ, রামপুরা, ভগিবালাপাড়া, ইসলামপুর, নীলকন্ঠ, পান্ডারদিঘী (আংশিক), মুন্সিপাড়া, কেরানীপাড়া, গুড়াতিপাড়া, মুলাটোল, জুম্মাপাড়া, কামালকাছনা, শালবন, বাহারকাছনা, রবার্টসন্সগঞ্জ, রংপুর সদরের চন্দনপাট ইউনিয়ন, সদ্য পুষ্করণী ইউনিয়ন ও বদরগঞ্জের গোপালপুর ইউনিয়ন।

অন্যদিকে পরশুরাম থানার অধীনে থাকবে কোবারু, চব্বিশ হাজারী, পান্ডারদিঘী (আংশিক), হারাটি, খটখটিয়া, কাইদাহারা, আরাজি পশুয়ারী, আমাশু কুকরুল, কুকরুল, বালাকুমার, বিনোদ জলছত্র, পরশুরাম, আটিয়াটারী, নওহাটি কাছনা, বাহার কাছনা ও চওরারহাট।

হাজীরহাট থানার অধীনে থাকবে-বারঘরিয়া, হরিরাম পিরোজ, মনোহর, অভিরাম, শেখটারী, গোয়ালু, নিয়ামত (আংশিক), পান্ডারদিঘী (আংশিক), উত্তম রনচন্ডি (পাগলাপীর), চক ইসবপুর, নজিরের হাট, কামদেবপুর, পশ্চিম গিলাবাড়ি, পূর্বগিলাবাড়ি, জগদিশপুর, বখতিয়ারপুর, বিন্নাটারী, কেরানীরহাট, ভবানীপুর, রাধাকৃষ্ণপুর গোপিনাথপুর (আংশিক), সদরের হরিদেবপুর ইউনিয়ন, মমিনপুর ইউনিয়ন ও গঙ্গাচড়ার খলেয়া ইউনয়ন।

মাহিগঞ্জ থানার অধীনে থাকবে- মাহিগঞ্জ, ধুমখাটিয়া, ডিমলা, নাছনিয়া, দহিগঞ্জ, বীরভদ্র বালাটারী, দেওয়ানটুলি, দেওয়ানটুলি ফতেপুর, সাতমাথা, আরাজি মন্ত্রীর খামার, মহিন্দ্রা, তালুক বকশি, রাজুখাঁ, আজিজুল্লাহ, হোসেন নগর, তালুক রঘু, মেকুরা, নব্দিগঞ্জ, পীরগাছার কল্যাণী ইউনিয়ন ও পারুল ইউনিয়ন। হারাগাছ থানার অধীনে থাকবে-বেনুঘাট, জমচওড়া, গুলালবুদাই, বুদাই, কার্তিক, চানকুঠি, চব্বিশ হাজারী (আংশিক), আরাজি গুলালবুদাই, তপোধন, মহব্বত খাঁ, চিলমন, বধু কমলা, সাহেবগঞ্জ, কাছনা, বীরচরণ, মহাদেব, রাম গোবিন্দ (আংশিক), কাউনিয়ার সারাই ইউনিয়ন ও হারাগাছ পৌরসভা এবং তাজহাট থানার অধীনে থাকবে কেডিসি রোড, খেড়বাড়ি, বাবুপাড়া (আংশিক), তাজহাট, পাটবাড়ি, আশরতপুর, পার্কের মোড়, লালবাগ, বড় রংপুর, তালুক ধর্মদাস, তালুক তামপাট, নগর মীরগঞ্জ, খোর্দ্দ তামপাট, খোর্দ্দ রংপুর, কলেজপাড়া, দর্শনা, ঘাঘটপাড়া, আক্কেলপুর, বিনোদপুর (আংশিক), মানজাই, কিসামত বিষু, নাজিরদিগর, পানবাড়ি, আরাজি দাস, শেখপাড়া, মিঠাপুকুরের পায়রাবন্দও রানীপুকুর ইউনিয়ন। সূত্র জানায়, মেট্রোপলিটন এলাকায় জনবল থাকবে ১ হাজার ১৮৫ জন জনবল।
এরমধ্যে একজন পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার। ২ জন উপ-পুলিশ কমিশনার, ৬ জন অতিরিক্ত উপ-পুলিশ কমশিনার, ১২জন সহকারী পুলিশ কমিশনার, ২০জন ইন্সপেক্টর, ১২০জন সাব ইন্সপেক্টর, ১০জন সার্জন, ১৫০জন এএসআই, ১০জন নায়েক, ৭০ জন এটিএসআই, ৭৫০ জন কনস্টেবল এবং অন্যান্য পদে (নন পুলিশ) ৩৩ জন।এছাড়াও থাকবে ১০টি পুলিশ ফাঁড়ি ও ৮টি পুলিশ বক্স। ১২৩ টি যানবাহন থাকবে।

সূত্র জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের জন্য ইতোমধ্যেই অরিতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার হিসেবে কাজী মোত্তাকি ইবনু মিনান ও মহিদুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। খুব শীঘ্রই কমিশনারও নিয়োগ দেয়া হবে। নগরীর ধাপ পুলিশ ফাঁড়ির দ্বিতীয় তলায় অতিরিক্ত পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনারগন বসে সেখান থেকেই মেট্রোপলিটন পুলিশের প্রস্তুতি কার্যক্রম এগিয়ে নিচ্ছেন।

এছাড়াও মধ্যস্থলে কোতয়ালী থানাতে কোতয়ালী, মাহিগঞ্জ পুলিশ ফাঁড়িতে মাহিগঞ্জ থানা, হারাগাছ পুলিশ ফাঁড়িতে হারাগাছ থানা এবং ভাড়া করা বাড়ি নিয়ে নগরীর বুড়িরহাট রোডের পান্ডারদীঘি কদমতলাতে পরশুরাম থানা, উত্তম ইউনিয়ন পরিষদ ভবনে হাজিরহাট থানা এবং মডার্ন মোড়ের ব্রীজের পাশে তাজহাট থানার কার্যক্রম শুরু হয়েছে।

এছাড়াও বুড়িরহাট রোডে অধুনালুপ্ত রেসিডেন্সিয়াল মডেল কলেজের ক্যাম্পাস ভাড়া নিয়ে মেট্রো পুলিশ লাইনের কার্যক্রম চলছে। সব এলাকায় সাইনবোর্ড সাটানো হয়েছে। সীমিত আসবাবপত্র নিয়ে রুটিন ওয়ার্ক করা হচ্ছে। থানায় থানায় পুলিশ কর্মকর্তারা যাতায়াত করছেন। জনগনের সাথে কথা বলছেন। প্রয়োজনীয় দিক নির্দেশনা আসছে মাঠ থেকেও।

ইতোমধ্যে ২০০ জনবল পোস্টিং হয়েছে। আরও প্রায় দেড় থেকে ২০০ জনবলের বদলির আদেশ হয়েছে। দ্রুত তাদেরও পোস্টিং হবে। চলতি মাসের শেষ সপ্তাহে ২৫ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে মেট্রোপলিটন পুলিশ তাদের কার্যক্রম শুরু করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিডিউল পেলেই উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে বলে জানা গেছে। স্ব-শরীরে না আসতে পারলে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেট্রোপলিটনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন বলে এক দায়িত্বশীল সূত্রে জানাগেছে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল জাতীয় সংসদে রংপুর মেট্রোপলিন পুলিশ বিল-২০১৮ পাশ হয়।

ইত্তেফাক/নূহু