ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক ডাকাত নিহত হয়েছেন। উপজেলার ভাতুড়িয়া নামক স্থানে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ডাকাত সদস্যের নাম আমিরুল ইসলাম ওরফে পঁচা (৪৩)। তিনি উপজেলার ভায়না গ্রামের রহিম বক্সের ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ বলেন, ভাতুড়িয়া নামক স্থানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা গুলি চালায়। র্যাবও আত্মরক্ষার্থে জন্য পাল্টা গুলি করে।
উভয়পক্ষের গোলাগুলির পর ঘটনাস্থল থেকে এক ডাকাত সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে।
ইত্তেফাক/আরকেজি