মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ঝোপ থেকে মলিনা সাওতাল (১৮) নামের এক কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে মৃতদেহ পাঠানো হয়েছে। মলিনা সুরমা চা বাগানের মহঝিল ডিভিশনের সুরেশ সাওতালের মেয়ে এবং মাধবপুর সৈয়দ সঈদ উদ্দীন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
হত্যার অভিযোগে একই এলাকার বুধনা সাওতালের ছেলে অনিল সাওতালকে ( ২২) বাগানবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। তিনি হবিগঞ্জ বৃন্দাবন কলেজের স্নাতক শ্রেণির ছাত্র।
এস আই আবুল কাসেম জানান, খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় সুরমা চা বাগানের ঝোপ থেকে মলিনার গলিত মৃতদেহ উদ্ধার করে বুধবার সকালে হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
বাগানবাসী সূত্রে জানা গেছে, মলিনা ও অনিলের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার রাত থেকে মলিনা সাওতাল ছিলেন নিখোঁজ।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তি জানান, এ বিষয়ে বুধবার সকালে মলিনার বড় ভাই মিঠুন সাওতাল বাদী হয়ে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/কেকে