চতুর্থ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মামলা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নে গত রবিবার দিবাগত রাতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে (১২) গণধর্ষণের ঘটনায় ৪জনকে আসামি করে চরভদ্রাসন থানায় একটি মামলা করা হয়েছে। বুধবার মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯এর(৩)ধারায় এ মামলাটি করেন। মামলা নং-০৩। অভিযুক্ত আসামিরা হলো, ১। মন্টু খালাশীর ছেলে চঞ্চল খালাশী(২৪) ২। অভি খালাশীর ছেলে সঞ্জয় খালাশী(২০) ৩। জদু মোল্যার ছেলে পান্নু মোল্যা(৪০) ৪। দিরাজ উদ্দিনের ছেলে  কুদ্দুস(৪০)।

আসামিরা সকলে সদর ইউনিয়নের খালাশী ডাঙ্গী গ্রামের বাসিন্দা। মামলার এজাহারে জানা যায় ঘটনার দিন সন্ধার পর যে কোন সময় অভিযুক্ত কুদ্দুস মেয়েটিকে গোপালপুর ঘাট সংলগ্ন ধৈঞ্চা ক্ষেতে ডেকে নিয়ে যায়। সেখানে পান্নু মোল্যা মেয়েটির মুখ বেঁধে ফেলে। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা চঞ্চল ও সঞ্জয়সহ চারজনে মিলে ঐ মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে রাত আনুমানিক ১টার দিকে বাড়ির উঠানে ফেলে রেখে যায়।

মামলার আসামিদের বিষয়ে মেয়েটির বাবা ইত্তেফাককে বলেন ‘মেয়ের জবানবন্দী অনুযায়ী অভিযুক্ত চার জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। তবে এই ঘটনায় কোনো নির্দোষ ব্যাক্তি হয়রানীর স্বীকার হোক সেটাও  চান না বলে জানান মেয়েটির বাবা।

ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে স্বীকার করে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রাম প্রসাদ ভক্ত বলেন ‘ মেয়েটির বাবা বাদী হয়ে ৪জনকে আসামি করে থানায় মামলা করেছে। আমরা অভিযোগের ভিত্তিতে আসামিদের দ্রুত আটক করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি’।

উল্লেখ্য, ঘটনার দিন গত রবিবার দিবাগত রাতে হঠাৎ করে মেয়েকে খুঁজে পাচ্ছিল না তার পরিবারের সদস্যরা। অনেক খোঁজ শেষে রাত আনুমানিক ১টার দিকে কান্না করতে করতে বাড়ির উঠানে এসে হাজির হয় তার মেয়ে। মেয়েটি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

ইত্তেফাক/নূহু