নওগাঁর মহাদেবপুরে সাংবাদিককে মারপিট

নওগাঁর মহাদেবপুর উপজেলার ভোরের কাগজ ও চাঁদনী বাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক গৌতম কুমার মহন্তকে একদল দুর্বৃত্ত হামলা করে পিটিয়ে আহত করে। এ সময় তার মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গতকাল ১৭ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে খাজুর দেবীপুর মোড়ের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় তার সহকারী ছুটকো সঙ্গে ছিল। তাকেও গুরুতর আহত করে সন্ত্রাসীরা।

খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ গৌতম ও ছুটকোকে উদ্ধার করে মহাদেবপুর হাসপাতালে ভর্তি করায়। গৌতম কুমার মহন্ত জানান, ওই দিন সন্ধ্যায় তিনি নজিপুর থেকে তার ব্যবসায়ীক কাজ শেষ করে শীবপুর রোড় হয়ে বাড়ী ফিরছিলেন। এ সময় উপজেলার খাজুর ইউনিয়নের দেবীপুর মোর নামক স্থানে একদল দুর্বৃত্ত রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতি পথ রোধ করে। তারা রামদা দিয়ে গৌতমের মাথায় আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। তার সহকারী ছুটকো দুর্বৃত্তদের সঙ্গে ধস্তাধস্তি করলে তাকেও ছুরিকাঘাত করে। এরপর ১০০সিসি ডিসকভার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে ওসি মিজানুর রহমান জানান, দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার ইকবাল হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবেদ আলী। সেইসঙ্গে দোষীদের দ্রুত গ্রেফতার ও মোটরসাইকেল উদ্ধারের জোরালো দাবি জানান।

এদিকে এই ঘটনায় উপজেলার সাংবাদিকেরা গৌতম কুমার মহন্তের বাড়ি থাজুর ইউনিয়নের কুঞ্জবনে দেখতে যান। তারাও নিন্দা ও ক্ষোভ জানান।

ইত্তেফাক/নূহু