ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতে উচ্চ শিক্ষার সুযোগ নিতে আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন এর কনভেনশন হলে ৫ম ভারতীয় শিক্ষামেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, আইসিসিআর প্রকল্পের আওতায় ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ২শটি বৃত্তি দিয়ে থাকে। ২০১৮-১৯ সালে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে এই বৃত্তির জন্য ৩ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। ভারতে প্রায় ৮শ বিশ্ববিদ্যালয় ও ৩৮ হাজার কলেজ রয়েছে বলে জানান তিনি। তিনি আরো জানান, ভারতের শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনা করার জন্য ভিসা সমস্যা নেই। বাংলাদেশি শিক্ষার্থীরা তিন বছর মেয়াদে ভারতের ভিসা সুবিধা পেয়ে থাকেন।
মেলায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়সহ ভারতের শীর্ষস্থানীয় ৫০টি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষামেলায় অংশ নিয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘সেপ’ ইভেন্টস অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় থাপা। আজ বৃহস্পতিবার মেলার শেষ দিন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ মেলা চলবে। বাংলাদেশি শিক্ষার্থী ও অভিভাবকরা সরাসরি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে চাহিদা, যোগ্যতা, কোর্স ফি এবং তা পরিশোধ সংক্রান্ত তথ্য পাচ্ছেন।