২০ বছর পর প্রথমবারের মতো ইথিওপিয়া থেকে ইরিত্রিয়ায় সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হয়েছে। ইথিপিয়ান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান বুধবার রাজধানী আদিস আবাবা থেকে ইরিত্রিয়ার রাজধানী আসমারায় অবতরণ করেছে। ২০ বছরের সামরিক অবরোধের সমাপ্তি ঘটার পর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নতি করতে এই ফ্লাইট চালু করা হয়। খবর আল জাজিরার।
ইথিপিয়ান এয়ারলাইনস জানিয়েছে, আসমারায় ফ্লাইট ইটি০৩১২কে নেচে গেয়ে পতাকা উড়িয়ে স্বাগত জানানো হয়। ঐতিহাসিক মুহূর্তটিকে ক্ষণটিকে স্মরণীয় করে রাখতে আয়োজিত এক অনুষ্ঠানে এয়ারলাইনসটির প্রধান নির্বাহী কর্মী গেব্রেমারিয়াম বলেন, এই দিনটি ইথিওপিয়া ও ইরিত্রিয়ার জন্য একটি ঐতিহাসিক দিন।
যাত্রীদের চাহিদার কারণে ১৫ মিনিটের ব্যবধানে টানা দু’টি ফ্লাইট পরিচালনা করতে হয়েছে আফ্রিকান বিমান সংস্থাটিকে।
আল জাজিরা জানায়, যুদ্ধের শুরুর দিকে ৭০ হাজার ইরিত্রীয় পরিবারকে বের করে দেয় ইথিওপিয়া। জবাবে ইরিত্রিয়াও একইরকম পদক্ষেপ নেয়। এরপর টানা ২০ বছর দেশ দু’টির মধ্যে বৈরিতা বজায় থাকে।
অবশেষে ৯ জুলাই ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ইরিত্রিয়ার রাজধানীতে আসেন, ইরিত্রিয়ার প্রধানমন্ত্রী ইসায়াস আফওয়ের্কির সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করতে। আনুষ্ঠানিকভাবে শেষ হয় দীর্ঘ যুদ্ধাবস্থার।
এক সপ্তাহ পর ইসায়াস ইথিওপিয়া যান, আদিস আবাবায় তাদের দূতাবাস পুনরায় খুলতে।
উল্লেখ্য, একসময় ইথিওপিয়ার প্রদেশ ছিল ইরিত্রিয়া। ১৯৯৩ সালে বহু সংগ্রামের পর তারা স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।
ইত্তেফাক/ জেআর