বাগেরহাটে যুবককে কুপিয়ে হত্যা

বাগেরহাটে শেখ আরিফুল (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিখোঁজের দুই দিন পর বুধবার রাতে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রুপের খাল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
 
তবে দুর্বৃত্তরা কি কারণে আরিফকে হত্যা করেছে তা পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি। বৃহষ্পতিবার দুপুরে নিহতের লাশের ময়নাতদন্ত বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।
 
নিহত শেখ আরিফুল বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের খেগড়াঘাট গ্রামের শেখ মহব্বত আলীর ছেলে। নিহতের মা হালিমা বেগম বলেন, সোমবার রাতের খাবার খেয়ে আমার ছেলে আরিফ ঘুমাতে যায়। রাত সাড়ে ১২টার দিকে ছেলের পরিচিত কেউ একজন বাড়িতে এসে তাকে ডাক দিলে সে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে আরিফ নিখোঁজ ছিল। এরপর তাকে আমরা খোঁজাখুঁজি করতে করতে আজ সকালে হাসপাতাল মর্গে এসে তাকে সনাক্ত করেছি। আরিফকে কারা কি কারণে হত্যা করলো তা বুঝতে পারছি না।
 
বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহাতাবউদ্দিন বলেন, স্থানীয় লোকজন বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রুপের খালে ভাসমান একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। সেখানে তার পরিবারের লোকজন এসে তাকে সনাক্ত করেন।
 

ইত্তেফাক/এএম