আইপিএলে অধিনায়কত্বে ফিরলেন স্মিথ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আবারো অধিনায়কের আসনে ফিরলেন স্টিভেন স্মিথ। চলতি আসরের বাকিটা সময়ে তিনিই রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে থাকবেন বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে। স্মিথের আগে এই দায়িত্বটি ছিল আজিঙ্কা রাহানের। গতকালই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অধিনায়ক হিসেবে শুরু হয় স্মিথের। রাহানেকে সরানোর সিদ্ধান্তটা পারফরম্যান্সজনিত। কারণ চলতি আইপিএলে গতকালকের আগে আটটি ম্যাচে মাত্র দু’টিতে জিতেছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের ক্রিকেট বিষয়ক প্রধান জুবিন বারুছা বলেন, ‘স্মিথ বর্তমান বিশ্বের অন্যতম সফল অধিনায়কদের একজন। তিনি যেকোনো ফরম্যাটেই সেরা। তিনি যে রয়্যালসের হয়ে সাফল্য নিয়ে আসবেন, সেই ব্যাপারে আমরা আশাবাদী।’