টটেনহ্যামকে হারিয়ে আবারও শীর্ষে সিটি

শিরোপাধারী ম্যানচেস্টার সিটি গতকাল টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়ে আবারো ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এসেছে। এ জয়ে চাপ বাড়লো শিরোপার দৌড়ে তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী লিভারপুল চাপে থাকলো।

কোচ পেপ গার্দিওলা শক্ত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জিতলেও তার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে এসেছে মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনের চোট।

গেল বুধবার নিজেদের মাঠ ইতিহাদে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এই টটেনহ্যামের কাছেই শিরোপা চতুষ্টয়ের কক্ষপথ থেকে ছিটকে পড়েছিল সিটি। সার্জিও আগুয়েরোরা ৪-৩ গোলে ম্যাচটি জিতলেও ‘অ্যাওয়ে গোল’ সুবিধায় শেষ চার নিশ্চিত করেছিল কোচ মরিসিও পচেত্তিনোর দল।

লিভারপুল থেকে এক ম্যাচ কম খেলে প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থেকে গতকাল এ ম্যাচে খেলতে নেমেছিল সিটি। খেলাটিতে হারলেই শিরোপার দৌড়ে পিছিয়ে পড়তো তারা। কিন্তু পঞ্চম মিনিটে আগুয়েরোর বাড়ানো বলে মিডফিল্ডার ফিল ফোডেনের করা গোলে জিতে সব শঙ্কা উড়িয়ে দেয় বর্তমান চ্যাম্পিয়নরা। প্রিমিয়ার লিগে এটি তাদের টানা দশম জয়।

এই জয়ের পরও কোচ গার্দিওলার কপালে চিন্তার রেখা ফেলে দিয়েছেন ডি ব্রুইন। ৩৮তম মিনিটে বাম হাঁটুতে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। এর আগে ডান হাঁটুর চোটের কারণে মৌসুমের প্রথমার্ধে অধিকাংশ সময় মাঠের বাইরে ছিলেন বেলজিয়ান এই মিডফিল্ডার।