মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী একটি মাদ্রসার দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১টা ৪০ মিনিটের দিকে ময়মনসিংহ- টাঙ্গাইল সড়কের মুক্তাগাছার কালিবাড়ি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার জয়দার বাসিন্দা ইতি (১২) এবং নিমুরিয়ার বাসিন্দা বিভা (৭)। আহতরা হলেন, খাদিজা(৯), রেহানা (১৩), ফারহানা এবং অজ্ঞাত আরো ২জন। নিহত এবং আহতরা কালিবাড়ি মাদ্রাসার ছাত্রী।

আহত এবং নিহতের সত্যতা নিশ্চিত করেছেন মুক্তাগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: নাছির উদ্দিন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিবাড়ি বাজার এলাকার একটি মাদ্রাসা ছুটি হওয়ার পর কয়েকজন ছাত্রী ব্যাটারিচালিত অটোরিকশাযোগে মুক্তাগাছায় আসছিল। এ সময় একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় কমপক্ষে ৭ জন আহত হন।

স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদের উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তন্মধ্যে একজন ঘটনাস্থলে এবং আরেকজন মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মারা যান।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমদ মোল্লা দুইজন নিহত হয়েছে বলে জানান।

ইত্তেফাক/নূহু