পান্ডিয়া-রাহুলের অভিনব সাজা

বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) ন্যায়পাল ডিকে জেইন অভিনব এক সাজা ধার্য করেছেন হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলোর জন্য।  তাদের ২০ লাখ ভারতীয় রুপি করে খরচ করতে হবে দাতব্য কাজে।

এর মধ্যে এক লাখ রুপি করে দিতে হবে ভারতের প্যারা মিলিটারি ফোর্সে নিয়োজিত ১০ শহিদ কনস্টেবলের স্ত্রীদের। বাকি ১০ লাখ দিতে হবে অন্ধ ক্রিকেটারদের প্রচারণার কাজে।  তবে, এই দুই ক্রিকেটারই ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারবেন। বিশ্বকাপের আগে এটাই ভারতীয় দলের জন্য সবচেয়ে স্বস্তির খবর।

‘কফি উইথ করণ’ নামের টিভি শোতে নারীদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন এই দুই ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল ও হার্দিক পান্ডে। অনুষ্ঠানটি গেল নয় জানুয়ারি সম্প্রচার করা হয়। এর দুদিন বাদেই সাময়িকভাবে তাদের ভারতীয় ক্রিকেট দল থেকে নিষিদ্ধও করা হয়েছিল। অস্ট্রেলিয়া থেকে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

এরপর ২৪ জানুয়ারি নিষেধাজ্ঞা উঠে গেলেও তদন্ত চালু রাখে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)। চলতি মাসের শুরুতে তাদের বিরুদ্ধে সমন জারি করা হয়। গেল ৯ ও ১০ এপ্রিল মুম্বাইয়ে তারা শুনানির জন্য হাজিরা দেন। তার পরিপ্রেক্ষিতেই এবার তাদের সাজা নির্ধারণ হলো। ইংল্যান্ড ও ওয়েলসে বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। ভারতের বিশ্বকাপ অবশ্য একটু দেরিতেই শুরু হবে। আগামী পাঁচ জুন তাদের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করে ফেলেছে বিসিসিআই।