একইসঙ্গে ভারতের জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে পুলিশকে টার্গেট করে আত্মঘাতী হামলা চালাতে পারে সন্ত্রাসবাদীরা। এই হামলা পরিকল্পনার নেপথ্যে রয়েছে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ‘আনসার গাজওয়াত উল হিন্দ’-এর প্রধান জাকির মুসা ওরফে জাকির রশিদ ভাট। সম্প্রতি এক রিপোর্টে দুই রাজ্যের পুলিশকে এই মর্মে সতর্ক করেছেন গোয়েন্দারা। খবর এই সময়’র।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, পুলিশের উপর হামলার পরিকল্পনার অংশ হিসেবে, ইতিমধ্যেই দুই রাজ্যে নিজের লোকজনকে পাঠিয়ে দিয়েছে জাকির। হামলার স্থলগুলি নাকি ঠিক করে গিয়েছে মুসার সহকারী বলে পরিচিত রেহান।
বিভিন্ন থানা, পুলিশের সদর দপ্তরগুলি ছাড়াও নিশানা করা হতে পারে নিরাপত্তা বাহিনীকে। গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলিও সন্ত্রাসবাদীদের টার্গেটে রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র।
গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ইতিমধ্যেই উচ্চ সতর্কতা জারি করা হয়েছে রাজধানী দিল্লিতে। চারপাশের গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে। সতর্ক থাকতে বলা হয়েছে কাশ্মীর ও পঞ্জাব পুলিশকেও।
ইত্তেফাক/ জেআর