চাপে নেই লিভারপুল

লিভারপুল দারুণ প্রতাপে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চার নিশ্চিতের পর আজ রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে নিচের দিকে থাকা কার্ডিফ সিটির আতিথ্য নিবে। খেলাটির আগে কোচ য়ুর্গেন ক্লপ জানালেন বড় দুই শিরোপা জয়ের চাপ এখনো অনুভব করছে না তার দল লিভারপুল।

শিরোপাধারী ম্যানচেস্টার সিটির চেয়ে এক ম্যাচ বেশি খেলে দুই পয়েন্টে এগিয়ে থেকে প্রিমিয়ার লিগের শীর্ষে আছে লিভারপুল। লিগটির বর্তমান কাঠামোয় প্রথম শিরোপা জয়ের দারুণ হাতছানি আছে তাদের সামনে। একই সাথে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবার প্রস্তুতিও নিচ্ছে তারা। এমন পরিস্থিতির মধ্যেই ক্লপ জানালেন এ সময়ে মোটেও চাপে নেই মোহামেদ সালাহরা। 

ক্লপের ভাষায়, ‘আমরা এখনো চাপ অনুভব করছি না। আমরা একে সুযোগ হিসেবেই দেখছি এবং এটাই অনুভব করছি। এমন চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত আমরা, আর তাতেই এমন একটা মৌসুম পার করছি আমরা। এটা সাধারণত খুবই ইতিবাচক ব্যাপার।’

ইউরোপের দু’টি বড় প্রতিযোগিতায় এখনো টিকে আছে দল। একে সাফল্যের ইঙ্গিত হিসেবে দেখছেন ক্লপ। তিনি বলেন, ‘এমন দারুণ মুহূর্তে ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ, একই সাথে ইতিবাচকও। আমরা একে উপভোগই করছি। দুটো প্রতিযোগিতায় জড়িত থাকাটা ভালো ব্যাপার। এটা সাফল্যের ইঙ্গিত।’

তিনি আরও বলেন, ‘এখন নিজের মনোভাবের সঙ্গে কিভাবে প্রতিভার মিলন ঘটানোই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের ভালো খেলোয়াড় আছে এবং এখন আমাদের সেটাকে বিশ্বমানের মনোভাবের সঙ্গে মেশাতে হবে। মৌসুমের প্রথম দিন থেকেই এটা করছি এবং এই পর্যন্ত এটা বেশ কাজে দিয়েছে। আমাদের বিপক্ষে খেলাটা কঠিনই ছিল প্রতিপক্ষের জন্য।’

২০১৫ সালে দলটির দায়িত্ব নেবার পর প্রথম সংবাদ সম্মেলনে ক্লপ পরবর্তী চার মৌসুমে অন্তত একটি শিরোপা জয়ের আশাবাদ ব্যক্ত করেছিলেন। গেল তিন বছরে দলকে তিনটি কাপ ফাইনালে নিয়ে যাওয়া ছাড়া প্রাপ্তির ঝুলিতে আর তেমন কিছুই নেই জার্মান এই কোচের।

এ নিয়ে ক্লপ বলেন, ‘যখন আমি তিন বছরের চুক্তি নিয়ে প্রথম এখানে এসেছিলাম, আমি বলেছিলাম চার বছর পর হয়তো কোনো শিরোপা জয় করেই এখানে কথা বলতে বসবো। সেটা এখনো ঘটেনি। অনেকজন আমাকে মনে করিয়ে দিয়েছেন এটা। দেখুন ক্লাব এবং আমি দু’পক্ষই দলকে শিরোপা জেতাতে যে কোনো কিছু চেষ্টা করার জন্য দারুণ প্রতিজ্ঞাবদ্ধ। এখন সেটা কখন ফল দেবে, সে ব্যাপারে কোনো ধারণা নেই আমার। আমাদের বর্তমান জায়গা নিয়ে আমি বেশ খুশি।’